বন্যার্তদের পাশে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে ‘দাবাং’ তারকা সালমান খানও রয়েছেন। এক খবরে জিনিউজ জানিয়েছে, সম্প্রতি বন্যাদুর্গতদের সাহায্যার্থে জম্মু ও কাশ্মীর ত্রাণ তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা। 
বরাবরই নিজের দাতব্যপ্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের মাধ্যমে বিভিন্ন দাতব্য কাজে অংশ নেন সালমান। এরই ধারাবাহিকতায় এবার জম্মু ও কাশ্মীরের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি। সালমান ছাড়াও যাঁর যাঁর অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, শহিদ কাপুর, কুনাল কাপুর, শ্রদ্ধা কাপুর প্রমুখ। 
এ ছাড়া অস্ত্র মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও বন্যাদুর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তিনি বন্দী আছেন পুনের ইয়েরাওয়াড়া কারাগারে। সেখানে কাগজের ব্যাগ তৈরির কাজ পেয়েছেন তিনি। দিনে তাঁর পারিশ্রমিক ৪০ থেকে ৪৫ রুপি। সম্প্রতি সঞ্জয়ের উদ্যোগে ইয়েরাওয়াড়া কারাগারের সবাই এক দিনের পারিশ্রমিক বন্যার্তদের সাহায্যার্থে দান করেছেন। এই অর্থ সাহায্য পাঠানো হবে ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেখান থেকেই তা চলে যাবে জম্মু ও কাশ্মীরের বন্যাদুর্গতদের কাছে।