বন্ধের প্রভাব বলিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলিত সম্প্রদায়ের এক নারী মুম্বাইয়ে বিক্ষোভের সময় স্লোগান দিচ্ছেন। ছবি: রয়টার্স
দলিত সম্প্রদায়ের এক নারী মুম্বাইয়ে বিক্ষোভের সময় স্লোগান দিচ্ছেন। ছবি: রয়টার্স

মহারাষ্ট্রের পুণে জেলায় ভীমা কোরেগাঁও যুদ্ধের ২০০ বছরের বিজয় উৎসব উপলক্ষে হিংসার আগুন ধীরে ধীরে সমগ্র রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ১ জানুয়ারির। এর প্রভাবে বুধবার মুম্বাইয়ের জনজীবন কার্যত ব্যাহত হয়।

মহারাষ্ট্রের হরিজন সম্প্রদায় মঙ্গলবার ভীমা মুম্বাইয়ের দাদার, চেম্বুর, ঘাটকোপর, মুলুন্ড, থানেসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করে। এমনকি বেশ কিছু বাস ও গাড়িতে আগুন দেয় এই দলিত সম্প্রদায়। দোকানপাট, বাস, গাড়ির ওপর ভাঙচুর চালায় তারা। সমগ্র মহারাষ্ট্রে বুধবার বন্‌ধ্‌ ডাকে ভীমা সম্প্রদায়। মুম্বাইতে সব দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ থাকে।

বিক্ষোভ ঠেকাতে মুম্বাইয়ের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি: রয়টার্স
বিক্ষোভ ঠেকাতে মুম্বাইয়ের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি: রয়টার্স

ভীমা সম্প্রদায় মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে রাস্তা এবং ট্রেন অবরোধ করে। তাই সড়ক এবং রেল পরিষেবা ব্যাহত হয়েছে। এমনকি তারা গাড়ি, দোকান ভাঙচুর করেছে বলেও জানা গেছে।
এই বন্‌ধের প্রভাব বলিউডের পাশাপাশি টেলিভিশন দুনিয়াতেও পড়েছে। বুধবার এই বন্‌ধের জন্য বেশ কিছু ইভেন্ট বাতিল করা হয়েছে। কার্তিক আরিয়ানের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘সোনু কে টিটু কি সুইটি’র গান ‘সুবহা সুবহা’ বুধবার প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্র বন্‌ধের জন্য তা বাতিল করা হয়। এদিকে সঞ্জয় সুরির ‘মাই বার্থ ডে সং’ মুক্তিও বন্‌ধের জন্য স্থগিত রাখা হয়।

কোরেগাঁওয়ে জন্ম নেওয়া এই হিংসার প্রভাবে ৪ জানুয়ারি পর্যন্ত থানে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মহারাষ্ট্র বন্ধ থাকার জন্য ৪০ হাজার বাস চলেনি। পুণে হাইওয়ে বন্ধ রাখা হয়েছে।