ববি দেওলের মাদকাসক্তি থেকে মাদকমুক্ত হওয়ার চেষ্টা

বলিউড তারকা ববি দেওল মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। বলিউডে এই খবর অনেকেই জানতেন। কিন্তু সংবাদমাধ্যমে তা নিয়ে তেমন কিছু লেখা হয়নি। কেন ববি দেওলের এই অবস্থা হয়েছিল? এর জন্য তিনি কাউকে দায়ী করছেন? ববি দেওল বললেন, ‘কাজ ছিল না। প্রতিদিন নিজেকে দেখে করুণা হতো। মদ খেয়ে পড়ে থাকতাম। এভাবেই চলছিল আমার জীবন।’
হাতে কোনো ছবি না থাকা, অল্প দিনেই তাঁর পাশ থেকে সবার সরে যাওয়া—এসব নিয়ে হতাশা আর মানসিক অবসাদ তাঁকে ঠেলে দেয় মাদকের দিকে। জীবনের কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। স্বাভাবিক জীবনে ফেরার সব দরজা বন্ধ হয়ে যায়। ক্রমেই অন্ধকার জগতে হারিয়ে যান।
জানালেন, শ্রেয়াস তালপান্ডে একদিন ‘পোস্টার বয়েজ’ ছবির স্ক্রিপ্ট নিয়ে আসেন তাঁর কাছে। তা বছর দু-এক আগের ঘটনা। মুহূর্তেই তিনি রাজি হয়ে যান। ছবিটিতে কাজ করেন। কিন্তু বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি ছবিটি। অবসাদ আরও গভীর হতে শুরু করে।
ববি দেওল জানান, তাঁর এই খারাপ সময়ে ত্রাতার ভূমিকায় এসে হাজির হন সালমান খান। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ খেলার সময় সালমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। একদিন হঠাৎ সালমান ফোনে তাঁকে বলেন, ‘দেখ, যখন আমার ক্যারিয়ার ছিল না, তখন আমি সঞ্জয় দত্ত আর তোর দাদার (সানি দেওল) পিঠে চড়ে বসেছিলাম।’ তারপর আর এক মুহূর্ত দেরি না করে সালমান খানকে ববি দেওল বললেন, ‘মামু, আমাকে তোর পিঠে চাপতে দে। মামু আমি সবকিছু করতে রাজি।’
ববি দেওলের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালমান খান। বলিউডে ববি দেওলকে আবার প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লাগেন। নিজের নতুন ছবি ‘রেস থ্রি’তে তাঁকে কাজ করার সুযোগ করে দেন। অনেক দিন পর আবার আত্মবিশ্বাস ফিরে পান ববি দেওল। তাঁকে আর পেছন ফিরে দেখতে হয়নি।
বলিউডে তাঁকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টার জন্য সালমান খানের প্রতি কৃতজ্ঞতা জানান ববি দেওল। নিজের অন্ধকার আর হতাশায় ভরা দিনগুলোর কথা স্বীকার করেন অকপটে। এবার সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন আর আমি বাসায় বসে থাকি না। নতুন কাজের জন্য সবার সঙ্গে যোগাযোগ করছি। প্রতিদিন ছুটছি। “রেস থ্রি” ছবির মুক্তির জন্য অপেক্ষা করছি।’
ববি দেওলের চেষ্টা বিফলে যায়নি। এরই মধ্যে সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল ফোর’ ছবিতে কাজের সুযোগ পেয়েছেন। এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।