বরফি এবার জাপানে
২০১২ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ ছবিতে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী বরফি চরিত্রে রণবীর কাপুরের অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। দক্ষিণ কোরিয়া, তুরস্ক, তাইওয়ান, চীন, হংকংয়ে ব্যাপক প্রশংসিত হওয়ার পর এবার জাপানে মুক্তি পেল বলিউডের এই ছবি। গতকাল শুক্রবার জাপানের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরফি’।

এ প্রসঙ্গে ডিজনি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অমৃতা পাণ্ডে বলেন, ‘জাপানের মর্যাদাপূর্ণ ওকিনাওয়া চলচ্চিত্র উত্সবে দারুণ প্রশংসিত হয়েছে ‘‘বরফি’’। মূলত এর পরই জাপানে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
অমৃতা এ-ও জানিয়েছেন, সাধারণত যেসব দেশে বলিউডের ছবির বাজার খুব বেশি প্রত্যাশিত নয়, সেসব দেশেও প্রশংসিত হয়েছে ‘বরফি’। জাপানের চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা অনেক বেশি আবেগপ্রবণ ও সংবেদনশীল বলেও জানিয়েছেন অমৃতা।
জাপানের টোকিও, ইয়োকোহামা, নাগোয়া, ওসাকা, কিয়োটো ও ফুকুওকা শহরের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ‘বরফি’।