বরুণের এ কী হাল!

>• বরুণ ধাওয়ানকে নাকি ‘অনিদ্রা’ রোগে পেয়েছিল।
• টানা সাত দিন বরুণের চোখে ঘুম ছিল না।
• প্রেমে পড়লে নাকি মানুষ এমন অদ্ভুত উপদ্রবের মুখোমুখি হয়।
বলিউড তারকা বরুণ ধাওয়ানকে নাকি ‘অনিদ্রা’ রোগে পেয়েছিল। টানা সাত দিন বরুণের চোখে ঘুম ছিল না। কেউ প্রেমে পড়লে নাকি এমন অদ্ভুত উপদ্রবের মুখোমুখি হয়। তাহলে বরুণের ‘অনিদ্রা’র কারণ তাঁর প্রেমিকা নাতাশা, না অন্য কেউ। জানা গেছে, হলিউডের অ্যামান্ডা সেরনির নাকি বরুণকে বেশ পছন্দ হয়েছে। অ্যামান্ডা বলিউডের এই তরুণ নায়কের সঙ্গে কাজ করতে চান। তবে কি বরুণের ঘুম চুরি করে নিয়েছেন এই হলিউড সুন্দরী? বরুণ শুধু নিদ্রাহীন রাতই কাটাচ্ছেন না, আরও অস্বাভাবিক কিছু করছেন। শোনা গেছে, টানা ১০ ঘণ্টা তিনি নাকি সাইকেল চালিয়ে গেছেন। না, এ সবকিছুর পেছনে কোনো নারী নেই। বরুণ তাঁর আগামী ছবির জন্য নিজেকে এভাবে প্রস্তুত করছেন।
পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সুই ধাগা’র শুটিং নিয়ে। যশ রাজের ‘সুই ধাগা’ ছবিতে তাঁকে আনুশকা শর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এবারই প্রথম তাঁরা জুটি হচ্ছেন। ছবির নির্মাতারা বরুণ-আনুশকার লুক আর পোশাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যে ‘সুই ধাগা’র সেট থেকে বরুণ-আনুশকার লুকের ছবি ভাইরাল হয়ে গেছে। বরুণের অনুরাগীরা তাঁর এই নতুন চেহারা খুব পছন্দ করেছে।
‘সুই ধাগা’ ছবির জন্য বরুণ ও আনুশকা দুজনেই অক্লান্ত পরিশ্রম করছেন। ছবির শুটিং এখন হচ্ছে মধ্যপ্রদেশে। সদ্য বরুণ তাঁর ‘সুই ধাগা’ ছবির জন্য আনুশকাকে নিয়ে টানা ১০ ঘণ্টা সাইকেল চালিয়েছেন। মধ্যপ্রদেশের প্রচণ্ড গরমে এই দৃশ্যটা করতে গিয়ে তাঁর হাল যে বেহাল অবস্থা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ছবির নির্মাতারা চেয়েছিলেন যে ‘সুই ধাগা’র সবকিছু যেন বাস্তবের মাটি ছুঁয়ে থাকে। তাই এই ছবিতে সাইকেলের দৃশ্যটি আনা হয়েছে। আর যে জায়গার ভিত্তিতে ছবির গল্প বোনা হয়েছে, সেখানে যাতায়াতের জন্য সাধারণত সাইকেল ব্যবহার করা হয়।
যশ রাজের ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির ভাবনা নিয়ে। শরৎ কাটারিয়া পরিচালিত ‘সুই ধাগা’ ছবিটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। তবে এই বলিউড তারকার ‘অনিদ্রা’র কারণ ছিল তাঁর আগামী ছবি ‘অক্টোবর’। সুজিত সরকারের ‘অক্টোবর’ এ বছর এপ্রিলে আসছে। ছবির টিজার আগেই মুক্তি পেয়েছে। ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেত্রী বনিতা সন্ধুকে।
‘অক্টোবর’ ছবির জন্য বরুণ টানা সাত দিন ঘুমাননি। জানা গেছে, ছবিতে নিজের চরিত্রকে বাস্তবের রূপ দিতেই নাকি টানা সাত দিন না ঘুমিয়ে কাটিয়েছেন তিনি। যখন খুব কষ্ট হতো, তখন বরুণ এক ঘণ্টার জন্য ঘুমিয়ে নিতেন। ‘অক্টোবর’ ছবি প্রসঙ্গে বরুণ বলেন, ‘ছবিটির শুটিং শেষ হওয়ার পর আমি উপলব্ধি করেছি, ছবিটি আমার জীবনে দারুণ প্রভাব ফেলেছে। ছবিটা জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে।’
বরুণের ক্যারিয়ার যেমন তরতরিয়ে এগোচ্ছে, ব্যক্তিগত জীবনও ভালোই চলছে। বিটাউনে জোর খবর, বরুণ নাকি এ বছরই তাঁর প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করবেন।