বরুণের সঙ্গে দুই সুন্দরী

আবারও রোমান্টিক ঘরানার গল্পে অভিনয় করবেন বলিউড অভিনয়শিল্পী বরুণ ধাওয়ান। তবে এবার তাঁর সঙ্গী হচ্ছেন দুজন নায়িকা। বলিউডের তরুণ দুই অভিনয়শিল্পী ভূমি পেড়নেকর ও কিয়ারা আদভানির সঙ্গে বরুণ অভিনয় করতে যাচ্ছেন।
শশাঙ্ক খৈতান ছবিটি পরিচালনা করবেন। শশাঙ্কের সঙ্গে বরুণ এর আগেও কাজ করেছেন এবং দারুণভাবে সফল হয়েছেন। শশাঙ্কের পরিচালনায় বদ্রিনাথ কি দুলহানিয়া এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে কাজ করেছিলেন বরুণ। দুটি ছবিই আবার বক্স অফিসে ভালো আয় করেছে। শোনা গেছে, শশাঙ্ক খৈতানের আগামী ছবির চিত্রনাট্য করণ জোহরের বেশ পছন্দ হয়েছে। তিনি ছবিটি প্রযোজনা করবেন বলে সম্মতিও দিয়েছেন। আর ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত। এবার শুধু শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষা।
আগামী বছরের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বরুণ, ভূমি ও কিয়ারাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। যদিও ছবিটির এখনো কোনো নাম জানা যায়নি, তবে এটি ত্রিভুজ প্রেমের ছবি হতে চলেছে, এ সত্য।
দীর্ঘদিন বরুণের কোনো ছবি মুক্তি পায়নি। তাই বরুণের ভক্তরা এখন অপেক্ষা করছেন আগামী ছবির। এই বলিউড নায়ক এখন ব্যস্ত তার কুলি নম্বর ওয়ান ছবির শুটিংয়ে। ছবিটিতে বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় কাজ করছেন তিনি। এর পরপরই শ্রীরাম রাঘবনের ছবির কাজ শুরু করবেন বরুণ। এর আগে শ্রীরাম ও বরুণ একসঙ্গে বদলাপুর ছবিতে কাজ করেছেন।