বরুণের 'অক্টোবর' শুরু হবে সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ ধাওয়ান ও সুজিত সরকার
বরুণ ধাওয়ান ও সুজিত সরকার

‘পিংক’খ্যাত নির্মাতা সুজিত সরকারের আগামী ছবিতে অভিনয় করবেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। এই প্রথম সুজিতের ছবিতে কাজ করবেন বরুণ। সুজিত মানেই অন্য ধারার ছবি। ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘পিংক’-এর পর এবার তিনি চলচ্চিত্রপ্রেমীদের উপহার দিতে চলেছেন এক প্রেমের ছবি। অবশ্যই তথাকথিত প্রেমের ছবি নয়। সুজিতের এই ছবি এক ব্যতিক্রমী প্রেমের গল্প বলবে।

পরিচালক-প্রযোজক সুজিত সরকার তাঁর ছবি প্রসঙ্গে বলেন, ‘আমার অধিকাংশ ছবির গল্পের আইডিয়া সংবাদপত্র থেকে পেয়েছি। সংবাদপত্রের প্রতিবেদন বা মানুষের বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে জন্ম নিয়েছে “মাদ্রাজ কাফে”, “পিংক”, “পিকু” ছবি। তবে “পিংক” ছবিটি করতে আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করে আমার স্ত্রী। আমার আগামী ছবি “অক্টোবর” এ রকমই এক বাস্তব প্রেমের গল্প দিয়ে তৈরি।’

বরুণ সম্পর্কে সুজিতের বক্তব্য, ‘বরুণ এই মুহূর্তে দুর্দান্ত অভিনেতাদের মধ্যে একজন। সহজাত অভিনেতা বরুণ। আমার ছবির চরিত্রের সঙ্গে ও একদম মানানসই।’ তবে সুজিত তাঁর আগামী ছবি ‘অক্টোবর’-এর প্রধান নারী চরিত্রের নাম এখনো খোলাসা করেননি। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখনো ছবির নায়িকার ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি।’

সুজিতের শেষ দুটি ছবিতে অমিতাভ বচ্চনকে অভিনয় করতে দেখা গেছে। সুজিতের আগামী ছবিতেও কি ‘বিগ-বি’কে দেখা যাবে? এই সম্ভাবনার কথাও পরিচালক উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষের দিক থেকে “অক্টোবর” ছবির শুটিং শুরু হবে। আমার প্রিয় শহর দিল্লিতে ছবির শুটিং হবে। এই শহরে আমার বড় হয়ে ওঠা। তাই দিল্লির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। আমার অধিকাংশ ছবি এই শহরকে ঘিরে।’ পরিচালক জানান, এই ছবির পাশাপাশি তাঁর অন্য আরেকটি জীবনীভিত্তিক ছবি ‘উমেধ সিং’-এর ওপরও কাজ চলছে।

বরুণ ধাওয়ান তাঁর আগামী ছবি ‘অক্টোবর’ প্রসঙ্গে টুইট করে বলেন, ‘আমি সুজিতদার কাজের বড় ভক্ত এবং আমি সব সময় চেয়ে এসেছি তাঁর সঙ্গে কাজ করতে। ছবিটির নাম “অক্টোবর”। আমি খুবই ভাগ্যবান যে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’ বরুণ এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘জুড়ওয়া ২’-এর প্রচারণায়। এরপর যশরাজ ব্যানারের ছবি ‘সুই-ধাগা’র শুটিং শুরু হবে। এই ছবিতে বরুণের বিপরীতে প্রথম দেখা যাবে আনুশকা শর্মাকে।