বর্ণবৈষম্যের প্রতিবাদে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনিষ্ঠা চ্যাটার্জী
তনিষ্ঠা চ্যাটার্জী

এবার বর্ণবৈষম্যের উপযুক্ত জবাব দিলেন তনিষ্ঠা চ্যাটার্জি। সম্প্রতি ভারতের এক টেলিভিশন চ্যানেলের একটি কমেডি শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল ‘পার্চড’ ছবির এই অভিনেত্রীকে। গায়ের রং কালো বলে সেই অনুষ্ঠানের উপস্থাপক তাঁকে নানাভাবে অপমান করার চেষ্টা করেন। ঘটনার প্রতিবাদে তখনই অনুষ্ঠান ছেড়ে হাঁটা দেন তনিষ্ঠা। সেখান থেকে ফিরে এ ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ লেখাও পোস্ট করেছেন তিনি।
‘কমেডি নাইট বাঁচাও’ নামের এই অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে যে নানা রকম তামাশা করা হয়, তা অনুষ্ঠান কর্তৃপক্ষ তনিষ্ঠাকে আগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁদের মজা (!) যে এই পর্যায়ের হতে পারে, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না এই অভিনেত্রীর। অনুষ্ঠানের একপর্যায়ে তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি ছোটবেলায় কত কালো জাম খেয়েছেন? নিশ্চয়ই কালো মিষ্টি আপনার খুব প্রিয়।’

স্পষ্টই বোঝা যাচ্ছে, তনিষ্ঠার কৃষ্ণ বর্ণের প্রতি ইঙ্গিত করেই এই প্রশ্ন করা। এরপর তাঁকে আরেকবার কালো বলা হলে আর চুপ করে বসে থাকেননি তিনি। তখনই অনুষ্ঠান ছেড়ে চলে আসেন।
ফেসবুকে তনিষ্ঠা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ২০১৬ সালে মুম্বাইয়ে বসে আমাকে একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এভাবে বর্ণবৈষম্যের শিকার হতে হচ্ছে।’
অবশ্য, কমেডিয়ান কৃষ্ণা অভিষেক ও ভারতী সিং উপস্থাপিত এই কমেডি শোতে এর আগেও অনেক তারকাকে হাসি–ঠাট্টার ছলে বাজেভাবে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এনডিটিভি।