বর্ষবরণে বলিউড তারকারা কে কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর
সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। ইংরেজি নতুন বছরের চেয়েও আলোচনায় বেশি আসে পুরোনো বছরের শেষ রাতটি। বিশ্বে যার পরিচয় ‘থার্টি ফাস্ট নাইট’ হিসেবে। পাড়ার মোড় থেকে শুরু করে দেশ-বিদেশের তারকা হোটেলগুলো সরব হয়ে ওঠে এই বিশেষ রাতটি উদ্‌যাপনের উৎসবের কল্যাণে।
যেখানে আমজনতারই এত হইচই, এত পরিকল্পনা; সেখানে বলিউড তারকারাই বা কেন পিছিয়ে থাকবেন। দেশে তো বটেই, বেশির ভাগ বলিউডের তারকাই মুম্বাইয়ের ব্যস্ততাতে ঝেড়ে ফেলে নতুন বছর উদ্‌যাপন করতে প্রতিবারের মতো এবারও পাড়ি দেবেন সুদূরে।
কিন্তু প্রশ্ন হচ্ছে— কোন তারকা এবারে ঠিক কোথায় যাচ্ছেন? আর কীভাবেই বা উদ্‌যাপন করবেন নতুন বছরকে? চলুন জেনে নিই তারকাদের এবারের ‘থার্টি ফার্স্ট’ আর নতুন বছর উদ্‌যাপন করার পরিকল্পনা।
বলিউডের বিষয় আসলে সবার আগে যে শাহরুখ খানের প্রসঙ্গ আসবে; এটাই স্বাভাবিক। বিগত বছরগুলোতে শাহরুখ খান তাঁর পরিবারের সঙ্গেই নতুন বছর উদ্‌যাপন করেছেন। কখনো মুম্বাইতে তাঁর বাড়ি ‘মান্নাত’-এ থেকেই তিনি ‘থার্টি ফার্স্ট’ আর নতুন বছর উদ্‌যাপন করেছেন। আবার কখনো দুবাইয়ের পাম জুমেইরাতে। বছর শেষ হওয়ার ঠিক কয়েক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘শাহরুখ-কাজল’ অভিনীত ছবি ‘দিলওয়ালে’। মুক্তির পরপরই যথেষ্ট খ্যাতি কুড়িয়েছে এই ছবিটি। তাই বছর শেষে কিং খানের জন্য এবারের থার্টি ফার্স্ট এবং নতুন বছর উদ্‌যাপনে বিশেষ আয়োজনই থাকছে। সবকিছু ঠিক থাকলে দুবাইতেই যাচ্ছেন শাহরুখ।
শাহরুখের মতোই হৃতিক রোশন থেকে শুরু করে শ্রীদেবী, অনিল কাপুর আর সোনম কাপুর— সবাই সাধারণত দুবাইয়ের পাম জুমেইরাতেই নতুন বছর উদ্‌যাপন করে থাকেন। আর এবারেও ঠিক তাই হতে যাচ্ছে।
এই সব বলিউড তারকাদের পাশাপাশি ‘ভাইজান’ সালমান খানও কিন্তু এবার দুবাইতে তাঁর বন্ধুদের সঙ্গেই উদ্‌যাপন করবেন থার্টি ফার্স্ট ও নতুন বছর। এ বছর ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সাফল্যের পাশাপাশি ‘হিট অ্যান্ড রান’ কেসে মুক্তির স্বস্তি; এই দুই সাফল্যের উদ্‌যাপনও যে নতুন বছরে সালমানের জন্য আনন্দের হবে তা বলাই বাহুল্য।

হৃতিক রোশন, অক্ষয় কুমার, বিপাশা বসু, সোনম কাপুর।
হৃতিক রোশন, অক্ষয় কুমার, বিপাশা বসু, সোনম কাপুর।

পরিবার নিয়েই উৎ​সব উদ্‌যাপন করতে পছন্দ করেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার। স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে যেখানে খুশি সেখানেই চলে যান তিনি। অবশ্য ২৯ ডিসেম্বর স্ত্রী টুইঙ্কেলের জন্মদিন হওয়ায় বাড়তি আনন্দ করে থাকেন এই অভিনেতা। হঠাৎ​ কোনো সিদ্ধান্ত বদল ছাড়া অক্ষয় কুমার এবার মুম্বাইতেই কাটাবেন থার্টি ফার্স্ট ও নতুন বছরের প্রথম দিনটি। এদিকে, বলিউডের আরেক তারকা অভিনেতা আমির খানও মুম্বাইতে নিজের পরিবারের সঙ্গে ‘থার্টি ফাস্ট’ কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
পার্টি প্রিয় দীপিকা পাডুকোণ নিজের নতুন বছরের সেলিব্রেশন বাড়িয়ে দিয়েছেন ৫ জানুয়ারি পর্যন্ত। কারণ, ওই বিশেষ দিনটি এই পার্টি প্রিয় তারকার জন্মদিন। অবশ্য সুন্দর কোনো সমুদ্র সৈকতের কাছেই ডেরা বেধে নতুন বছর উদ্‌যাপন করবেন তিনি।
তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান, দুজনেই মুম্বাইয়ের ব্যস্ততা এবং ভিড় থেকে দূরে সুইজারল্যান্ডে নিজেদের নতুন বছর উদ্‌যাপন করবেন বরাবরের মতো। এ ছাড়া, ক্যাটরিনা কাইফও নিজের পরিবারের সঙ্গে উদ্‌যাপন করবেন নতুন বছর। ক্যাটরিনার পরিবারের বসবাস লন্ডনে, তাই সেখানেই যাবেন ক্যাটরিনা। শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রাও যাবেন লন্ডনেই, সেখানেই থার্টি ফার্স্ট; সেখানেই উদ্‌যাপন করবেন নতুন বছর।
বলিউডের গণ্ডি ছেড়ে চলতি বছরেই হলিউডের টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সাফল্যের সঙ্গে নতুন বছর উদ্‌যাপনের আনন্দ মিলে মিশে একাকার হয়ে যাবে এই অভিনেত্রীর ক্ষেত্রে। কিন্তু তাঁর বক্তব্য— ভারতের গোয়ায় এমন অসাধারণ সমুদ্র সৈকত থাকতে খামাখা কেন বিদেশে যাব! জানা গেছে, গোয়ার সমুদ্র সৈকতেই নতুন বছর উদ্‌যাপন করবেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চোপড়ার মতোই বিপাশা বসুও কিন্তু এবার গোয়াতেই যাচ্ছেন। সেখানেই নতুন বছর উদ্‌যাপন করবেন এই ‘বং বিউটি’। টাইমস অব ইন্ডিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস।