বলিউড একটা 'নোংরা জায়গা'!

তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক। ‘কুইন’ ছবির জন্য জিতেছেন সেরা পরিচালকের ফিল্মফেয়ার পুরস্কার। কিন্তু গুণী নির্মাতা হলেই যে চরিত্রবান মানুষ হবেন, এমন কোনো কথা নেই। তারই উদাহরণ বিকাশ বহেল। তিনি, বিক্রমাদিত্য মোতওয়ানে, অনুরাগ কাশ্যপ ও মধু মন্টেনা মিলে গড়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস। কিন্তু বিকাশ বহেলের স্বভাব আর চারজনকে একসঙ্গে কাজ করতে দেয়নি। ভেঙে গেছে ফ্যান্টম ফিল্মস।
ফ্যান্টম ফিল্মসের একজন সাবেক কর্মীকে যৌন হেনস্তা করেন বিকাশ বহেল। ২০১৮ সালের অক্টোবরে ঘটনাটি সামনে আনেন কঙ্গনা রনৌত। আর সেই অভিযোগকে সত্যি বলেন প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার বিক্রমাদিত্য মোতওয়ানে, অনুরাগ কাশ্যপ ও মধু মন্টেনা। ‘কুইন’ ছবির তারকা কঙ্গনা বলেন, ‘মেয়েটির কথা আমি বিশ্বাস করেছি। “কুইন” ছবির শুটিংয়ের সময় বিকাশের বিয়ে হয়। এরপরও তাঁর স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। নিত্যনতুন সঙ্গীর সঙ্গে তাঁকে দেখা যায়। আমি মেয়েটির পাশে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম বিষয়টা সামনে আসবে। কিন্তু ওই সময় ঘটনাটিকে সচেতনভাবে ধামাচাপা দেওয়া হয়। যেহেতু মেয়েটির পক্ষ নিয়ে আমি কথা বলেছি, তাই হরিয়ানার স্বর্ণপদক বিজয়ী এক নারীকে নিয়ে তখন যে চলচ্চিত্র তৈরির কথা ভাবা হয়েছিল, তা থেকে আমাকে বাদ দেওয়া হয়।’
হাফপোস্ট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা রনৌত আরও বলেছেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হতো। আমরা একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন জানাতাম। কিন্তু এই সুযোগে বিকাশ তাঁর মুখ আমার ঘাড়ে গুঁজে দিতেন। আমাকে বেশ জোরে চেপে ধরতেন আর আমার চুলের ঘ্রাণ নিতেন। ওই সময় তিনি বলেছেন, “তোমার শরীরের ঘ্রাণ আমার ভালো লাগে, কঙ্গনা।” ওই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে আমাকে বেশ বেগ পেতে হতো।’
ওই সময় ওই নারীকে সমর্থন করে বিক্রমাদিত্য মোতওয়ানে হাফপোস্ট ইন্ডিয়াকে বলেন, ‘গত বছর পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। অনুরাগ কাশ্যপ আমাকে বিষয়টি জানান। এরপর মধু, আমি আর অনুরাগ ওই নারীর সঙ্গে বসেছি। তিনি আমাদের কাছে পুরো ঘটনা বলেছেন। ঘটনাটি শোনা আমাদের জন্য ভীষণ কঠিন ছিল, ভয়ংকরও বলতে পারেন।’
অভিযোগ তদন্ত আর রায় ঘোষণার আগ পর্যন্ত বিকাশ বহেলকে সব রকম কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এমনকি ফ্যান্টম ফিল্মসের শেষ ছবি ‘সুপার থার্টি’র পরিচালনা থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। বিকাশ বহেলের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগের আট মাস পর গতকাল শনিবার ঘোষণা এসেছে, এসব ‘হ্যাশট্যাগ মিটু’ অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে তাঁকে। আর এই ঘোষণা ক্ষুব্ধ করেছে কঙ্গনা রনৌতের বোন ও ম্যানেজার রাঙ্গোলি চান্ডেলকে।
এর আগে ‘হ্যাশট্যাগ মিটু’ অভিযোগে অভিযুক্ত অভিনেতা অলোক নাথকেও রেহাই দেওয়া হয়। রাঙ্গোলি চান্ডেলের মতে, আবারও অর্থ আর ক্ষমতার কাছে হেরে গেছে ন্যায়বিচার। এই ঘোষণা শেয়ার করে তিনি টুইটারে লিখেছেন, ‘অলোক নাথের পর বিকাশ বহেল হ্যাশট্যাগ মিটু অভিযোগে “ক্লিন চিরকুট” পেলেন। যে নারীরা সাহস করে নিজেদের যৌন হেনস্তার বিষয়ে মুখ খুলেছেন, এখন তাঁদের লজ্জিত হওয়ার সময়! বলিউড একটা নোংরা জায়গায় পরিণত হয়েছে। এই পৃথিবীর বাইরেও একটা পৃথিবী আছে। সেখানে এই লোকগুলোর অবশ্যই বিচার হবে।’