বলিউড জানাল 'ঈদ মোবারক'

ঈদ উৎসবে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা। এ তালিকায় যেমন বর্ষীয়ান শিল্পীরা আছেন, তেমনই আছেন তরুণ তারকারাও। সবাই যে যাঁর অবস্থান থেকে ঈদের আনন্দবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন।
শাবানা আজমি ফুরফুরে মেজাজে টুইটারে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। বিরিয়ানি আর কোর্মা নিয়ে বেড়াতে এসো আজ। আজ মিষ্টিমুখ করার দিন। বাড়ি বাড়ি মিষ্টি না বিলিয়ে দিলে তো ঈদই হবে না!’
ঈদের শুভেচ্ছা জানাতে সবচেয়ে এগিয়ে আছেন এবার ঋষি কাপুর। তিনি গতকাল রোববার রাতেই টুইটারে লিখেছেন, ‘সবাই ঈদের কাজে ব্যস্ত হওয়ার আগে জানিয়ে রাখি, অগ্রিম ঈদের শুভেচ্ছা।’
সমসাময়িক বলিউড তারকাদের মধ্যে ভক্তদের আগেভাগেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, বিপাশা বসু, ইয়ামি গৌতম, তামান্না, বরুণ ধাওয়ান, রণদ্বীপ হুদা, ভিকি কৌশল, হুমা কুরাইশি, শাকিব সোলায়মান। র্যাপার হানি সিং লম্বাচওড়া এক শুভেচ্ছাবার্তা দিয়ে ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়েছেন ঈদের আনন্দ। অভিনেত্রী অ্যামি জ্যাকসন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বিরিয়ানির প্লেটের ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘সুদূর এলএ থেকে জানাচ্ছি ঈদ মোবারক।’
অন্যদিকে সমসাময়িক বলিউড তারকাদের মধ্য ঈদের শুভেচ্ছা জানাতে সবার চেয়ে এগিয়ে ছিলেন অর্জুন রামপাল। ২৩ জুন তিনি টুইটারে সবাইকে জানিয়েছেন, ‘ঈদ মোবারক’। সেই সঙ্গে ঈদের উপহার হিসেবে ভক্তদের জন্য সে সময় তাঁর নতুন ছবি ‘ড্যাডি’র একটি কাওয়ালির টিজার ছেড়েছিলেন। কথা দিয়েছিলেন ঈদের দিন সেই গান তিনি উপহার দেবেন ভক্তদের। কথা রেখেছেন অর্জুন। আজ ঈদের দিন দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে এসে কাওয়ালিটি মুক্তি দেন এ অভিনেতা।