বলিউড তারকাদের আলোচিত ৫ সাজ-পোশাক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক
এবার কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের বেগুনি রঙের লিপস্টিক ছিল বছরের অন্যতম আলোচিত বিষয়। ১৫ মে তিনি কানের লালগালিচায় হাজির হয়েছিলেন ডিজাইনার রেমি ক্যাডির ডিজাইন করা এক গাউনে। কিন্তু সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছিল সাবেক এই বিশ্বসুন্দরীর বেগুনি রঙের ঠোঁট। টুইটারও তখন সরগরম ছিল ঐশ্বরিয়ার ‘অদ্ভুত’ ফ্যাশন ধারণার সমালোচনায়।

সোনম কাপুর
সোনম কাপুর

সোনম কাপুরের সাদা গাউন
বলিউড অভিনেত্রী সোনম কাপুর তাঁর অভিনয় প্রতিভা দিয়ে যতটা না নজর কাড়তে পেরেছেন, এর চেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন তাঁর সাজ-পোশাকের কারণে। প্রতিটি অনুষ্ঠানে অভিনব নকশার পোশাক পরে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। এবার কান চলচ্চিত্র উৎসবের আসরে কয়েক রকমের পোশাকে লালগালিচায় হেঁটেছিলেন তিনি। সব কটি বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু সাদা রঙের একটি মেঝে ছোঁয়ানো গাউন অনেক ভারতীয়রই খুব একটা পছন্দ হয়নি। তাঁরা সোনমের এই পোশাককে তুলনা করেছেন রুমালি রুটির সঙ্গে।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

দীপিকার পোশাক নিয়ে তোলপাড়

এ বছরই দীপিকা পাড়ুকোনের আন্তর্জাতিক লালগালিচায় অভিষেক হয়েছে। নভেম্বর মাসে তিনি তাঁর প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারণায় গিয়েছিলেন ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডে। তিনি মনীষা জয়সিংয়ের ডিজাইন করা একটি পোশাক পরে হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু যে পোশাকটি তিনি পরেছিলেন, তা নিয়ে গণমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ‘বাজিরাও-মাস্তানি’ অভিনেত্রীকে। বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলো দীপিকার ফ্যাশন ধারণার ব্যাপক সমালোচনা করেছিল সে সময়। ব্রিটিশ একটি ট্যাবলয়েড তো রীতিমতো ‘বলিউড ব্লান্ডার’ উপাধি দিয়ে বসেছিল দীপিকাকে।

কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

কারিনার মাতৃত্বকালীন পোশাক
অন্য অভিনেত্রীদের মতো কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা হওয়ার পর নিজেকে আড়াল করে রাখেননি। বরং এই সময়েও কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন। আর নিত্যনতুন নকশার পোশাক পরে সবাইকে চমকে দিয়েছেন। কারিনা কাপুর খানের মাতৃত্বকালীন ছিমছাম নকশার পোশাকগুলো সব মহলেই বেশ প্রশংসা পেয়েছে। তবে, নিন্দুকেরা তো ওত পেতে থাকেন খুঁত ধরার জন্য। পশ্চিমা তারকা কিম কার্দাশিয়ানের মাতৃত্বকালীন বেশ কয়েকটি পোশাকের নকশার সঙ্গে মিল পাওয়া গেছে কারিনার পোশাকের। কারিনার নতুন নাম এখন ‘কপি ক্যাট’।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

সবচেয়ে বেশি খোঁজা হয়েছে প্রিয়াঙ্কার গাউন
২০১৬ সালের অস্কার আসরে লালগালিচায় হাঁটার সুযোগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেদিন সাদা রঙের একটি অন্য রকম গাউনে উপস্থিত হয়েছিলেন তিনি। লেবানিজ ফ্যাশন ডিজাইনার জুহাইর মুরাদের নকশা করা সেই পোশাক গুগলে সর্বাধিক বার খোঁজ করা পোশাকের তালিকায় আছে। তবে গাউনের নিচের দিকটা একটু নিরীক্ষাধর্মী হওয়ায় অনেকেই সেটি পছন্দ করেননি। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, এনডিটিভি।