বলিউড তারকাদের চোখে ব্রিটেনের গণভোট

ব্রিটেন ভোট দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে দেওয়ার পক্ষে। জনগণের এ সিদ্ধান্তের কারণে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামী অক্টোবরের মধ্যে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন। ৪৩ বছর আগে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। ব্রিটেনই প্রথম দেশ হিসেবে ইউনিয়ন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে পুরোপুরি ছেড়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে আরও বছর দুয়েক লাগবে।
ব্রিটেনের গণভোট নিয়ে বলিউড তারকাদের কেউ কেউ মন্তব্য করেছেন। কবির বেদি মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়াটা একটা বিপ্লব। তিনি তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘ব্রিটেনের শীর্ষস্থানীয় নেতারা দেশের জনগণকে ইউনিয়ন না ছাড়ার পক্ষে ভোট দিতে বলেছেন, কিন্তু জনগণ তাঁর বিরুদ্ধে বিপ্লব করেছে এবং ছেড়ে যাওয়ার পক্ষেই মত দিয়েছে।
বলিউড তারকা রাহুল বোস অবশ্য একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছেন। টুইট করেছেন, ‘পৃথিবী যে উন্মাদ হয়ে গেছে, এটা প্রমাণের জন্য আর কোনো উদাহরণের কি প্রয়োজন আছে? শান্ত থাক আর নিজেকে ছুরি মারো।’
সোহা আলী খান টুইটবার্তায় লিখেছেন, ‘আতঙ্ক আর বিচ্ছিন্নতার জয় হলো। এটা কি ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়ার সূচনা?’