বলিউড তারকারাও পাকিস্তানের চলচ্চিত্রে কাজ করেছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদ খান্না, নাসিরুদ্দিন শাহ্, আরবাজ খান, কিরণ খের, শ্বেতা তিওয়ারি, নেহা ধুপিয়া, জনি লিভার
বিনোদ খান্না, নাসিরুদ্দিন শাহ্, আরবাজ খান, কিরণ খের, শ্বেতা তিওয়ারি, নেহা ধুপিয়া, জনি লিভার

সীমান্তের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান দুই দেশের চলচ্চিত্র শিল্পে। বলিউডে নিষিদ্ধ ‘পাকিস্তান’, পাল্টা পাকিস্তানে নিষিদ্ধ বলিউড।
ভারতের উরি হামলার রেশ ধরে চলমান উত্তেজনায় ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ভারত-পাকিস্তানের সম্পর্ক যত দিন না স্বাভাবিক হচ্ছে তত দিন পাকিস্তানের অভিনয়শিল্পীদের অভিনীত কোনো সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব নয় বলেও সিওইএআই জানিয়ে দিয়েছে। শুধু পাকিস্তানি অভিনেতারাই নন, গায়ক, পরিচালক, সংগীত পরিচালক, টেকনিশিয়ানরাও ওয়াঘা সীমান্তের ওপার থেকে এলে সেই ছবিও নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।
একই ঘটনার পরিপ্রেক্ষিতে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলামরা ভারতে এসে আর গান করবেন না! বলিউডে আর দেখা যাবে না ফাওয়াদ খানদের! উরি হামলার পর থেকেই পাকিস্তানিদের নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে বলিউডের একাংশ। অনেকে আবার হেঁটেছেন একেবারে উল্টো পথে। সন্ত্রাস রুখতে শিল্পীদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা কখনো কাঙ্ক্ষিত নয়, এমন মতো ছিল পরিচালক করণ জহরের।
বলিউডে অভিনয় করতে আসা তারকাদের কথা এখন সবারই জানা। তবে এটা কি জানেন, এমন অনেক বলিউড তারকা আছেন যাঁরা পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন? উল্লেখ্য, এখন বিজেপি সাংসদ রয়েছেন এমন অভিনেত্রীও অতীতে পাকিস্তানের চলচ্চিত্রে কাজ করেছেন।
এর মধ্যে আছেন বিনোদ খান্না, নাসিরুদ্দিন শাহ্, আরবাজ খান, কিরণ খের, শ্বেতা তিওয়ারি, নেহা ধুপিয়া, জনি লিভার, দীপ্তি গুপ্তা প্রমুখ। বিনোদন খান্না পাকিস্তানে নির্মিত ‘গড ফাদার’ ছবির শীর্ষ ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমান বিজেপি সাংসদ বলিউডের আলোচিত অভিনেত্রী কিরণ খের পাকিস্তানি বড় পর্দার ছবি ‘খামোশ পানি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন। শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ পাকিস্তানের দুটি ছবিতে অভিনয় করেন। এর মধ্যে ২০০৭ সালে ‘খুদা কে লিয়ে’ এবং ২০১৩ সালে ‘জিন্দা ভাগ’ মুক্তি পায়। শ্বেতা তিওয়ারি পাকিস্তানের ‘সুলতান’ ছবিতে অভিনয় করেন। নেহা ধুপিয়া ‘কাভি পেয়ার না করনা’, জনি লিভার ‘লাভ মে গুম’ ছবিতে অভিনয় করেন। দীপ্তি গুপ্তা পাকিস্তানি ধারাবাহিক ‘ইশক জুনুন দিবাঙ্গি’, ‘মানে না ইয়ে দিল’, ‘মালাল’, ‘নিয়ত’, ‘মস্তানা মাহি’ দীর্ঘদিন অভিনয় করেছেন।