বলিউড তারকারাও যখন হাপুস-হুপুস করে খান!
‘ভাইজান’ সালমান খানের বাড়িতে প্রতি ঈদে বিশেষ বিরিয়ানি রান্না করা হয়। সেটা খাওয়ার জন্য মুখিয়ে থাকেন ‘কিং খান’ শাহরুখ। নিজ মুখেই স্বীকার করেছেন শাহরুখ খান এই কথা। মনে হচ্ছে বেশ খেতে পছন্দ করেন তিনি। দীপিকা পাড়ুকোন তো আরও এক ধাপ এগিয়ে। চুরি করে খান! ‘পদ্মাবতী’ ছবির শুটিং করতে গিয়ে তাঁর এত ক্ষুধা লেগেছিল যে চুপি চুপি পরিচালক সঞ্জয় লীলা বানসালির জন্য রাখা মজাদার খাবার একাই সাবাড় করে ফেলেন। তাঁর ভোজনপ্রীতি আসলে সবার জানা। সোনম কাপুর কিংবা কৃতি শ্যাননের ‘জিরো’ ফিগার দেখে কে বলবে যে তাঁরা খেতে ভালোবাসেন? ভোজনরসিক এমন অনেক বলিউড তারকা নিজ দেশের ‘স্ট্রিট ফুড’ তো ভীষণ পছন্দ করেন। জেনে নিন আপনার প্রিয় তারকা কী খেতে ভালোবাসেন

আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে ‘হাইওয়ে’ তারকা আলিয়া ভাটের প্রিয় খাবার। আলু ভাজা খেয়ে খেয়েও আলিয়া একদম ‘আলু’ হয়ে যাননি কিন্তু!

যিনি ‘জিরো ফিগার’ কীভাবে পেতে হয়, তার ওপর বই লিখেছেন, তিনি কিনা খেতে ভালোবাসেন। কারিনা কাপুর খানের প্রিয় খাবার স্প্যাগেটি কিন্তু মুটিয়ে যেতে বেশ সাহায্য করে।

বিদেশি খাবারের মধ্যে রণবীর কাপুরের প্রিয় জাপানের সুশি। আর দেশি ‘বড় পাও’ ছাড়া তো জীবন অচল! পুনেতে এক দিনের জন্য আবার বড় পাও বিক্রেতাও হয়েছিলেন রণবীর। সেটা অবশ্য একটা টিভি ‘শো’য়ের জন্য করতে হয়েছিল তাঁকে।

এক বসায় এক ডজন সমুচা খেয়ে ফেলতে পারেন ‘ব্যাং ব্যাং’ তারকা হৃতিক রোশন! নিজেই স্বীকার করেছেন এ কথা। সমুচা তাঁর খুব প্রিয় খাবার। কিন্তু একদম অপছন্দ করেন কেউ যদি খাওয়ার সময় ক্লিক ক্লিক করে তাঁর ছবি তোলে।

পাও ভাজি পছন্দ করেন না—এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। সোনম কাপুরের তো সবচেয়ে পছন্দের খাবার। তাঁর পছন্দের তালিকায় আরও আছে সরিষা ইলিশ ও ছোলার ডাল!

খাবার টেবিলে বসে ডায়েট চার্ট ভুলে যান সালমান খান। বিরিয়ানি তাঁর খুব পছন্দ। বিরিয়ানির সঙ্গে তাঁর আবার কাবাব চাই। বাইরে খাবারের চেয়ে মায়ের হাতের বিরিয়ানি খাওয়া তাঁর কাছে ঢের শান্তি।

বরুণ ধাওয়ান হচ্ছেন পিৎজাপ্রেমী। পিৎজার পরতে পরতে পনির দেখলেই খেয়ে সাবাড়।

মেয়োনেজ মাখানো, সসেজ ভরা হট ডগ খেতে কেমন? ক্যাটরিনা মনে হয় উত্তরটা ভালো দিতে পারবেন। তাঁর প্রিয় খাবার কিনা।

ভোজনরসিক দীপিকা পাড়ুকোনের প্রিয় দেশি খাবার। ইডলি তাঁর খুব পছন্দ। সারা দিন চিবাতে পারেন কলার চিপস।

বাবার হাতের পাঠানি খাবার ‘রান’ খুব পছন্দ করতেন শাহরুখ খান। মায়ের হাতের খাসির বিরিয়ানি আর টক ডাল খুব প্রিয় তাঁর। তন্দুরি মুরগি সবচেয়ে প্রিয়।

চকলেট, চকলেট এবং চকলেট। ‘রাবতা’ তারকা কৃতি স্যাননের সবচেয়ে এবং সবচেয়ে প্রিয় খাবার। চকলেট খেয়েও তাঁর ‘জিরো ফিগার’! জিমে তো নিশ্চয়ই যান। সূত্র: কসমোপলিটন, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।