
ভারতের নয়াদিল্লিতে গতকাল রোববার হয়ে গেল একটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশ নেন বলিউড তারকা ও ভারতের সংসদ সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ ও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ক্যাম্পেইনের প্রচার ও প্রসারের জন্য এ ম্যাচের আয়োজন করা হয়।

সংসদ সদস্যদের ফুটবল দলের নেতৃত্ব দেন সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গে বর্ধমানের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে, ‘অলস্টার ফুটবল ক্লাব’-এর কর্তা ছিলেন অভিষেক বচ্চন। তিনি মাঠে না নামলেও পুরো দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বলিউডের আরেক তারকা রণবীর কাপুর। এ দলে আরও ছিলেন অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর, ডিনো মোরিয়া, করণ ওয়াহি, সাব্বির আহলুওয়ালিয়া ও শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্র।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচের শুভেচ্ছাদূত ছিলেন যোগগুরু রামদেব। মাঠে তাঁকেও কিছু সময় দেখা যায়। এএফপি।