বলিউড যখন ডেঙ্গুর কারণ!

ভারতজুড়ে এখন চলছে এডিস মশা নিধন কার্যক্রম। গত কয়েকমাসে দেশটিতে প্রায় আড়াই হাজার রোগী ডেঙ্গু জ্বরের লক্ষণ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে, সজাগ হয়ে ওঠে সরকার ও প্রশাসন। জোরেশোরে শুরু হয় এডিস নিধন অভিযান। কিন্তু এই অভিযান শুরুর পর সবচেয়ে ঝামেলায় পড়ে বলিউডের স্টুডিওগুলো। অভিযানে নেমে বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানায়, বলিউডের ছবি বানানোর এই কারখানাগুলো এডিস মশারও প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে। তাই এরই মধ্যে বিএমসি যশরাজ স্টুডিও, আরকে স্টুডিও-এর মত নামী প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে জরিমানাও করেছে।
বিএমসি'র চিফ ইনসেক্টিসাইড অফিসার রাজন নারিঙ্গরেকর এসব তথ্য সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে জানান। তিনি বলেন, বলিউডের এই স্টুডিওগুলোতে সবার চোখের সামনেই এডিস মশার প্রজনন হচ্ছে। কিন্তু কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কাপুর পরিবারের আরকে স্টুডিওতে গিয়ে দেখা গেছে, একটি ইনডোর প্ল্যান্টের টবে মশারা আস্তানা গেড়েছে। অন্যদিকে আদিত্য চোপড়ার যশরাজ স্টুডিওর তো আরো বাজে অবস্থা। সেখানে যত্রতত্র মশার প্রজননস্থল গড়ে উঠেছে।
স্টুডিওগুলো পরিদর্শন করে বিএমসি কর্তৃপক্ষ আদায় করেছে জরিমানাও। মুম্বাই মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে ২০০০ থেকে ১০০০০ রুপি পর্যন্ত জরিমানা গুনেছে আরকে স্টুডিও, অধিকারী ব্রাদার্স স্টুডিও ও যশরাজ স্টুডিও। বিএমসি কর্তৃপক্ষ তাদের ভবিষ্যতের জন্য সাবধান করে বলে দিয়েছে যে, এরপর থেকে স্টুডিও পরিস্কার-পরিচ্ছন্ন না রাখলে এবং এডিস মশার প্রজনন স্থান ধরা পড়লে শাস্তি ও জরিমানার পরিমাণ আর বেড়ে যাবে।
বলিউডের এই স্টুডিওগুলো যে ডেঙ্গুর আস্তানা এ নিয়ে আজ থেকে বছর তিনেক আগেই খবর ছড়িয়েছিল। সে বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বলিউডের কিংবদন্তী পরিচালক ও যশরাজ স্টুডিওর প্রতিষ্ঠাতা যশ চোপড়া মারা গেলে এ নিয়ে তখন বেশ তোলপাড় হয়। কিন্তু এরপর সময়ের ব্যবধানে সেই সব ভুলে গেছে বলিউড। তাই ত এখন আবার জরিমানা গুনতে হচ্ছে স্টুডিওগুলোকে। টিওআই।