বলিউডকে দায়ী করলেন সুশান্তের বাবাও

একরাশ প্রশ্ন রেখে চিরবিদায় নিয়েছেন বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এ তরুণ নায়কের আত্মহত্যাকে ঘিরে জন্ম নিয়েছে হাজারো সংশয়। তাঁর অকালমৃত্যুর পিছনে রয়েছে জমাট রহস্য। কে বা কারা দায়ী সুশান্তের মর্মান্তিক পরিণতির জন্য? তবে অনেকেই বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রযোজনা সংস্থাগুলোর দিকে আঙুল তুলেছেন। এমনকি এ দুনিয়ার একাধিক তারকার গলায় একই সুর। সুশান্ত সিংয়ের বাবা কেকে সিংও একই অভিযোগ করেছেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জোরদার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ইতিমধ্যে নয়জন মানুষের বয়ান নিয়েছে পুলিশ। বিস্তারিতভাবে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। এ তালিকায় সুশান্তের বাবা কেকে সিং ও তিন বোন আছেন। এ বলিউড নায়কের বাবা কেকে সিং পুলিশকে বলেছেন, ‘গত কয়েক মাসে দুই-তিনবার সুশান্ত বলেছে যে করোনার লকডাউনে ফিল্ম ইন্ডাস্ট্রির টেনশনের কারণে মানসিকভাবে খুব অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘আমি সুশান্তের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছিলাম। চেষ্টা করেছিলাম তাকে মানসিকভাবে একটু হালকা করতে, ভালো বোধ করাতে। সুশান্ত বলেছিল যে সে নিজেই এর থেকে বের হয়ে আসবে। আর বলেছিল, সবকিছু ঠিক হয়ে যাবে।’ সুশান্তের বাবা আরও বলেন, ‘আমার ছেলে সব সময় দুঃখ অনুভব করত। কিন্তু আমি জানতাম না যে সে এতটা তীব্রভাবে মানসিক অবসাদে ভুগছে।’
সুশান্তের বাবা পাটনা যাওয়ার আগে পুলিশ তাঁর বয়ান নেয়। তাঁর তিন বোন, বন্ধু মহেশ শেট্টি, বাসার ম্যানেজার তথা কেয়ারটেকার দীপেশ সাওন্ত, ক্রিয়েটিভ কনটেন্ট ম্যানেজার তথা বন্ধু সিদ্ধার্থ পিথানি, রাঁধুনি, চাবিওয়ালার বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সম্ভবত আজকে সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর বয়ান নেওয়া হবে। সুশান্তের এক বোন বলেছেন যে তাঁর ভাই ছয় মাস ধরে মানসিক অবসাদের শিকার ছিলেন। আর সুশান্তের চিকিৎসা চলছিল বলেও তিনি জানিয়েছেন। কিন্তু কয়েক দিন ধরে সুশান্ত ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তবে আর্থিক কষ্টের আশঙ্কার কথা সুশান্তের বোন উড়িয়ে দিয়েছেন।
সোমবার দুপুরে ছেলের শেষকৃত্য সম্পন্ন করার জন্য পাটনা থেকে মুম্বাইতে এসেছিলেন সুশান্তের বাবা। বাবা কেকে সিংয়ের সঙ্গে পাটনা থেকে এসেছিলেন সুশান্তের নিকট আত্মীয় বিধায়ক নীরজ সিং বাবলুসহ আরও অনেকে। এই ভাই-ই জানিয়েছিলেন, এ বছরের নভেম্বরে বিয়ে করতে চেয়েছিলেন সুশান্ত। সুশান্তের বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাঁদের তড়িঘড়ি করে পাটনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সুশান্ত ও প্রেমিকা রিয়া চক্রবর্তী একসঙ্গে পর্দায় আসার কথা ছিল। জনপ্রিয় লেখক তথা পরিচালক রুমি জাফরি এ জুটিকে নিয়ে ছবি বানানোর পুরো প্রস্তুতি সেরে ফেলেছিলেন। লকডাউনের জন্য এ ছবির শুটিং শুরু হতে পারেনি।