বলিউডে অভিনয় করবেন মীর

ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একজন জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সবকিছুই বদলে যায় যখন তিনি ছয় দিনের পুরোনো একটি খবরের কাগজের রেডিও জকি চাওয়ার বিজ্ঞাপন দেখে সেখানে দরখাস্ত করেন। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা মীর নিজের আকস্মিক কৌতুক বানিয়ে ফেলার ক্ষমতা এবং ভিন্ন ধারায় উপস্থাপনার দক্ষতার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। টেলিভিশনে তাঁর প্রথম উপস্থিতি ডিডি বাংলা চ্যানেলের নিউজ প্রোগ্রাম ‘খাস খবর’-এর মাধ্যমে। কলকাতার জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া রেডিও জকি, শিল্পী ও কমেডি অভিনেতা মীর আফসার আলী। যিনি মীর নামেই সমধিক পরিচিত। আর এই জনপ্রিয় উপস্থাপক এবার ডাক পেয়েছেন বলিউডের সিনেমায়!
‘আশিকি-২’ সিনেমায় ‘সুন রাহা হু ম্যায়’ গানের গীতিকার সন্দ্বীপ নাথ প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। রাজনৈতিক স্যাটায়ারধর্মী ওই ছবির নাম ঠিক করা হয়েছে ‘ম্যায় গান্ধিজি’। আর এই সিনেমাতেই ডাক পেয়েছেন মীরাক্কেলের মীর।
এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে মীরকে।