বলিউডে ইতিহাসনির্ভর চলচ্চিত্র তৈরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসনির্ভর ছবি বলিউডে আগে কখনো নির্মাণ হয়নি, তেমনটা নয়। তবে ইদানীং ইতিহাসের দিকে বলিউডের ঝোঁক খুব বেশি মনে হচ্ছে। গত বছর আলোচনায় থাকা ছবিগুলোর বেশির ভাগই হয় ঐতিহাসিক, নয়তো বায়োপিক। এ বছরও তেমনটা লক্ষ করা যাচ্ছে। তবে এ বছরে বায়োপিকের থেকে নির্মিত ও নির্মিতব্য ইতিহাসনির্ভর ছবির সংখ্যা বেশি।

ভালো মৌলিক গল্পের অভাব থেকেই কী ইতিহাসে ভরসা রাখছে বলিউড? এর ইতিবাচক উত্তর হলফ করে বলা যাবে না। কারণ ‘বাহুবলী’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘নিউটন’, ‘বরেলি কি বরফি’, ‘বদরিনাথ কি দুলহানিয়া’, ‘গোলমাল অ্যাগেইন’ ছবিগুলো তাহলে সফলতা পেত না।

হতে পারে ইতিহাসকে পরবর্তী প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আজকাল এ ধরনের ছবি তৈরির ওপর বেশি জোর দিচ্ছে বলিউড। এটি ইতিবাচক বিষয়। কিন্তু চলচ্চিত্রে ইতিহাসকে টেনে আনার হ্যাপাও কম নয়। আর এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। শুধু ‘পদ্মাবত’ নিয়ে গত বছরজুড়ে যে ধরনের হামলা, ভাঙচুর এমনকি প্রাণহানি পর্যন্ত হয়েছে, সেটি স্মরণ করাই যথেষ্ট। ২০১৮ সালে শুটিং হওয়া ও মুক্তি পেতে যাওয়া বলিউডের ইতিহাসনির্ভর চলচ্চিত্রের তালিকাটি বেশ দীর্ঘ। প্রযোজক ও পরিচালকেরা এই বছর ইতিহাসের কোন কোন অধ্যায়ের ওপর ভর করে কী ছবি তৈরি করছেন জেনে নেওয়া যাক।

‘পানিপথ’ ছবির পোস্টার
‘পানিপথ’ ছবির পোস্টার


পানিপথ
পরিচালক আশুতোষ গোয়ারিকের বরাবরই ইতিহাসনির্ভর ছবি তৈরির ঝোঁক। ‘লগন’, ‘যোধা আকবর’, খেলে হাম জি জান সে’ ও ‘মহেঞ্জোদারো’ ছবি তার প্রমাণ। এবার এই নির্মাতা পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন। মারাঠাপ্রধানের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। আর আহমেদ শাহ দুররানি হবেন সঞ্জয় দত্ত। নায়িকার চরিত্রে থাকবেন কৃতী শ্যানন। আশুতোষের এই ছবি মুক্তি পাবে ২০১৯ সালের ৬ ডিসেম্বর।

‘কলঙ্ক’ ছবির পোস্টার
‘কলঙ্ক’ ছবির পোস্টার


কলঙ্ক
করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিটি নানা কারণে আলোচিত। এটি তাঁর প্রয়াত বাবা যশ জোহরের স্বপ্নের প্রকল্প ছিল। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে দুই দশক পর একসঙ্গে জুটি বাঁধছেন সাবেক প্রেমিক-প্রেমিকা সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। এই ছবিতে চল্লিশের দশকে ভারতবর্ষকে দেখবে দর্শক। ছবিতে আরও অভিনয় করবেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ রায় কাপুর ও সোনাক্ষী সিনহা।

‘রাজি’ ছবির পোস্টার
‘রাজি’ ছবির পোস্টার


রাজি
এদিকে আলিয়া ভাটের আরও একটি ইতিহাসনির্ভর ছবি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছর। এটি আলিয়ার প্রথম ঐতিহাসিক ছবি, যা সত্যি ঘটনার ওপর নির্মিত। ‘রাজি’ নামের ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ১৯৭১ সালের পটভূমিতে তৈরি এই ছবিতে আলিয়া একজন কাশ্মীরি গুপ্তচর। যুদ্ধের সময় গুপ্তচরবৃত্তি করার জন্য তাঁর বাবা এক পাকিস্তানি সৈনিকের সঙ্গে মেয়ের বিয়ে দেন। পাকিস্তান থেকে ভারতে প্রয়োজনীয় সব তথ্য পাচার করতে থাকে সেই মেয়ে। এমন এক সত্যি ঘটনার ওপর নির্মিত ছবি ‘রাজি’ মুক্তি পাবে ১১ মে।

‘গোল্ড’ ছবির পোস্টার
‘গোল্ড’ ছবির পোস্টার


গোল্ড
১৯৪৮ সালে অলিম্পিকে স্বাধীন ভারতের প্রথম স্বর্ণজয় নিয়ে একটি ছবি নির্মাণ করেছেন রিমা কাগতি। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছোটপর্দার নায়িকা মৌনি রায়ের এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। ভারতীয় ক্রীড়ার গৌরবময় ইতিহাস নিয়ে এর আগেও তৈরি হয়েছে ‘দঙ্গল’, ‘মেরি কম’ ও ‘ভাগ মিলখা ভাগ’। ‘গোল্ড’ মুক্তি পাবে ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে।

মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের সাহসিকতাকে চলচ্চিত্রে রূপ দিতে যাচ্ছে বলিউড। পরিচালক কৃষের পরিচালনায় ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে লক্ষ্মীবাঈ হয়েছেন কঙ্গনা রনৌত। যোদ্ধা এক রানির চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে বেশ ভালো ভাবেই ঝালাই করে নিয়েছেন কঙ্গনা। সত্যিকারের তলোয়ার দিয়ে লড়াই করতে গিয়ে একবার তো কপালই কেটে ফেললেন। ছবিটি এ বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে কিছু কারিগরি কাজ বাকি থাকায় ছবির মুক্তি পেছানো হয়। অবশ্য ছবিটি এ বছরই মুক্তি পাবে।

কেসরি
১৮৯৭ সালে মাত্র ২১ জন শিখ সৈনিক নিয়ে হাবিলদার ঈশ্বর সিং ১০ হাজার আফগান সৈনিকের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ঐতিহাসিক সেই সারাগারহি যুদ্ধ নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘কেসরি।’ ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। অভিনয়ে আছেন অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র
ব্রিটিশবিরোধী বিপ্লবী শহীদ ভগত সিংয়ের চরিত্রে অভিনয় করার অনেক বছর পর আরেকটি বায়োপিকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন অজয় দেবগন। কিংবদন্তি মারাঠা যোদ্ধা সুবেদার তানাজিকে নিয়ে তৈরি হচ্ছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। মারাঠারাজ ছাত্রপতি শিবাজির সৈনিক ছিলেন তানাজি। ছবির পোস্টার প্রকাশ পেয়েছে। কিন্তু শুটিং এখনো শুরু হয়নি।

‘পরমাণু’ ছবির পোস্টার
‘পরমাণু’ ছবির পোস্টার


পরমাণু
১৯৯৮ সালে ভারতের পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘পরমাণু’। ভারতীয় সৈনিকদের সংগঠিত এই পারমাণবিক পরীক্ষা ও পরবর্তী ঘটনা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এখানে অভিনয় করেছেন জন অ্যাব্রাহাম ও ডায়ানা পেন্টি। গত বছর মুক্তির কথা থাকলেও দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে কিছু ঝামেলার কারণে ছবিটি ঝুলে যায়। ২৫ মে ‘পরমাণু’ মুক্তি পাওয়ার কথা আছে।

এ ছাড়াও ‘থাগস অব হিন্দোস্তান’, ‘ভারত’, ‘এইটি থ্রি’, ‘পল্টন’, ‘কেদারনাথ’সহ আরও কিছু ঐতিহাসিক ও সত্যি ঘটনার ওপর নির্মিত ছবি মুক্তির অপেক্ষায় আছে।