বলিউডে দোস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অনেক তারকাই একে অন্যকে সহ্য করতে পারেন না। সব সময় তাঁদের মধ্যে চলে নীরব প্রতিদ্বন্দ্বিতা। কে কাকে ছাপিয়ে যাবেন, সেই চেষ্টায় ব্যস্ত থাকেন তাঁরা। তবে এর বিপরীত চিত্রটাও কিন্তু দেখা যায়। বছরের পর বছর ধরে বন্ধুত্ব ধরে রেখেছেন এমন তারকা, নির্মাতার সংখ্যা নেহাতই কম নয়। কেবল পর্দায়ই নয়, বাস্তব জীবনেও সত্যিকার বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা। আজ বন্ধু দিবস উপলক্ষে এমন কয়েকজন তারকা ও নির্মাতাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া।

সালমান-আমির

সালমান
সালমান

সালমান খান ও আমির খানের প্রথম সাক্ষাত্ হয়েছিল ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে। সে সময় সালমানের সঙ্গে আমিরের সখ্য গড়ে না উঠলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হতে থাকে। এ প্রসঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে আমির বলেছিলেন, ‘সালমানের সঙ্গে ‘‘আন্দাজ আপনা আপনা’’ ছবিতে আমার কাজের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। সে সময় তাঁকে আমি খুবই অপছন্দ করতাম। তাঁকে অত্যন্ত রূঢ় ও স্বার্থপর মনে হয়েছিল আমার।

আমির
আমির

যদিও সালমানের সঙ্গে দেখা হলে আমি তাঁর সঙ্গে সৌজন্যমূলক আচরণই করতাম। কিন্তু মানুষটিকে মন থেকে একদমই পছন্দ করতে পারতাম না। আমি তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। দীর্ঘ সময় ধরে এমনটা চলেছে। তবে একটা সময়ে সালমানকে আমি পছন্দ করতে শুরু করি। আর এটা ঘটেছিল আমার প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদের পর সালমান যখন আমার পাশে এসে দাঁড়াল। রিনার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিন একসময় পার করছিলাম আমি। ঠিক সেই মুহূর্তে আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সালমান। সে আমার নিঃসঙ্গ জীবনের দুঃখ ঘোচাতে এগিয়ে এসেছিল। প্রায় সময়ই আমরা একসঙ্গে গল্প-গুজব করে কাটাতাম। মাঝে-মধ্যে মদ্য পানও করতাম। আমি ঠিক জানি না, কীভাবে যেন সালমানের সঙ্গে আমার অন্য একধরনের সংযোগ স্থাপিত হয়। তাঁর প্রতি প্রচণ্ড টান অনুভব করতে শুরু করলাম। দিনকে দিন আমাদের সখ্য বেড়েই চলল। প্রচুর সময় আমরা একসঙ্গে কাটাতে লাগলাম।’ বন্ধুত্ব হওয়ার পর বরাবরই ভালো কিংবা খারাপ সময়ে পরস্পরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সালমান ও আমির। বর্তমানে তাঁরা একে অন্যের খুবই কাছের বন্ধু।
দীপিকা-শাহানা
দীপিকা পাড়ুকোন ও শাহানা গোস্বামী কাছাকাছি সময়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছিলেন। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব। তাঁরা প্রায়ই একসঙ্গে ঘুরতে বের হন, স্কুবা ডাইভিং করেন। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনের গোপন অনেক কথাই একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেন দীপিকা ও শাহানা। এক সাক্ষাত্কারে দীপিকা বলেছিলেন, ‘শাহানা আমার সবচেয়ে কাছের বন্ধু। আমরা দুজনই
চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত। শুরুর দিকের একটি ছবিতে আমি ও শাহানা একসঙ্গে অভিনয় করেছিলাম। তবে তার আগেই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। দেশের বাইরে থেকে মুম্বাই ফিরলে প্রথমেই আমি শাহানাকে ফোন করি। নতুন বন্ধু নির্বাচন কিংবা কারও সঙ্গে বন্ধুত্বের ইতি টানার আগে বরাবরই আমরা একে অন্যের সঙ্গে পরামর্শ করে নিই।’
শাহরুখ-করণ জোহর
নব্বই দশকের সাড়া জাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর। ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে শাহরুখ ও করণের মধ্যে। সেই থেকে এখনও বন্ধুত্বের শক্ত বন্ধন ধরে রেখেছেন শাহরুখ-করণ।
সালমান-সঞ্জয়
এখন পর্যন্ত ছয়টিরও বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ‘দাবাং’ তারকা সালমান খান ও ‘খলনায়ক’ তারকা সঞ্জয় দত্ত। তাঁদের প্রথম ছবি ‘সাজন’ মুক্তি পায় ১৯৯১ সালে। সেই থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। এখনো অটুট আছে তাঁদের বন্ধুত্ব। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে গত বছরের ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। সঞ্জয় তাঁর অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব দেন বন্ধু-সহকর্মী সালমান খান ও অজয় দেবগনকে। সঞ্জয়ের রায়ের সময় সালমান যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানেই থাকেন সঞ্জয়ের মেয়ে ত্রিশালা। সঞ্জয়ের জেল খাটার বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ত্রিশালার সঙ্গে যোগাযোগ করেন সালমান। তিনি জানান, যেকোনো প্রয়োজনে ত্রিশালার পাশে থাকবেন তিনি। তিনি আরও জানান, ত্রিশালার ডাক পেলে যেকোনো সময় তাঁর কাছে ছুটে যাবেন তিনি।

দীপিকা
দীপিকা

দীপিকা-প্রিয়াঙ্কা
বলিউডের অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব বেশি চোখে পড়ে না। তবে এ ক্ষেত্রে বিরল নজিরই গড়েছেন ‘রাম-লীলা’ তারকা
দীপিকা পাড়ুকোন এবং সাবেক বিশ্বসুন্দরী, গায়িকা ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জনসমক্ষে একে অন্যের প্রতি হূদ্যতা প্রকাশের কারণে বলিউডের নতুন সেরা বন্ধু জুটি হিসেবে উচ্চারিত হচ্ছে দীপিকা ও প্রিয়াঙ্কার নাম।

প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা


অমৃতা-মালাইকা-কারিনা
বলিউডের অভিনেত্রীদের মধ্যে দীপিকা, প্রিয়াঙ্কার মতো বিরল বন্ধুত্বের নজির গড়েছেন অমৃতা অররা খান ও কারিনা কাপুর খান। অনেক দিন ধরেই তাঁরা পরস্পরের কাছে সবচেয়ে প্রিয় বন্ধু। পরে তাঁদের বন্ধুর খাতায় নাম লিখিয়েছেন অমৃতার বোন মালাইকা অররা খান। এখন তাঁদের তিনজনের মধ্যেই দারুণ দোস্তি।
রণবীর-অয়ন
২০০৯ সালে অয়ন মুখার্জির পরিচালনায় ‘ওয়েক আপ সিড’ ছবিতে অভিনয় করেন রণবীর কাপুর। ছবির সেটে তাঁদের বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে গাঢ় হয় তাঁদের বন্ধুত্বের রং। সত্যিকারের বন্ধু বলতে যা বোঝায় অয়ন ও রণবীর যেন ঠিক তাই। বরাবরই একে অপরের পাশে থাকতে দেখা গেছে এই তারকা-নির্মাতা জুটিকে। অয়নের প্রথম ছবির পর দ্বিতীয় ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তেও অভিনয় করেছেন রণবীর।
কারিনা-মনীশ মালহোত্রা
বছরের পর বছর ধরে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছেন ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান ও বলিউডের প্রখ্যাত পোশাক ডিজাইনার মনীশ মালহোত্রা। তাঁর নকশা করা বিয়ের পোশাকেই পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কারিনা।
অজয়-রোহিত শেঠি
‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির সঙ্গে অভিনেতা অজয় দেবগনের বন্ধুত্বটা অনেক দিনের। একে অন্যের খুবই কাছের বন্ধু তাঁরা।