বলিউডে নতুন মুখ
• বলিউডে অভিষেক হতে যাচ্ছে কৃতী শ্যাননের বোন নূপুরের।
• নূপুর কৃতীর ছোট বোন।
• নায়ক হবেন সুশান্ত সিং রাজপুত।
• পরিচালক মুকেশ ছাবরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বলিউড তারকা কৃতী শ্যানন ‘বরেলি কি বরফি’, ‘রাবতা’, ‘দিলওয়ালে’র মতো ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন। শুধু তা-ই নয়, নিজের জায়গা মোটামুটি পোক্ত করেছেন বলিউডে। এবার ছোট বোন নূপুরকেও তিনি বলিউডে আনার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, নূপুরের প্রথম ছবিতে নায়ক হবেন কৃতীর কথিত প্রেমিক সুশান্ত সিং রাজপুত।
কৃতী তাঁর প্রথম হিন্দি ছবি ‘হিরোপান্তি’র জন্য সেরা নবাগতর ‘ফিল্মফেয়ার পুরস্কার’ পেয়েছিলেন। বোন হিসেবে চান ছোট বোন নূপুরের শুরুটাও যথার্থ হোক। আর বলিউডে কৃতীর থেকে সুশান্ত ‘সিনিয়র’। সেখানে বোনের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ—তা তিনি ভালো বুঝবেন। তাই নির্ভরযোগ্য একজনের হাতেই নূপুরের অভিষেকের দায়িত্ব দিয়েছেন কৃতী। তা ছাড়া প্রেমিকার ছোট বোন বলে কথা। হবু শ্যালিকাকে নায়িকা হিসেবে পেলে সুশান্ত নিশ্চয়ই খুশি হবেন।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এ ছবির পরিচালক মুকেশ ছাবরা। হলিউড ছবি ‘ফলট ইন আওয়ার স্টারস’-এর রিমেক করা হবে। শোনা গেছে, এই ছবিতে সুশান্তের বিপরীতে দেখা যাবে শ্রীদেবী কন্যা জানভি কাপুরকে। কিন্তু পরে আর তা হয়ে ওঠেনি। এরপর এখানে নূপুরের কাজ করার গুঞ্জন আরও জোরদার হয়। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বলিউডের নানা পার্টিতে নূপুরের উপস্থিতি তাঁর অভিষেকেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বোনের প্রেমিকের সঙ্গে নূপুরের সম্পর্ক খুব ভালো।
অবশ্য মুকেশ ছাবরা এটিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এ বছর তাঁর ছবির কাজ শুরু হবে। সুশান্ত ছবির নায়ক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলেও নূপুর যে এগিয়ে আছেন, এটা নিশ্চিত। নিউজ এইটিন