বলিউডে নতুন 'বন্ধু' জুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ ধাওয়ান-জ্যাকুলিন ফার্নান্দেজ
বরুণ ধাওয়ান-জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এখন ‘ঢিসুম’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তাঁরা দুজন এই প্রথম একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন। তবে শুটিং সেটে তাঁদের অন্তরঙ্গতা দেখে বোঝার উপায় নেই যে একসঙ্গে এটিই তাঁদের প্রথম কাজ।

আবুধাবিতে চলছে রোহিত ধাওয়ানের ‘ঢিসুম’ ছবির শুটিং। ছবির সেট পুরো মাতিয়ে দেখেছেন এই দুই তারকা। একটি সূত্র জানিয়েছে, শুটিংয়ের ফাঁকে তাঁদের দুজনের গল্প, মজা, খুনসুটি চলতেই থাকে। তাঁদের অট্টহাসিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। শুটিংয়ের বাইরে জিমেও (ব্যায়ামাগারে) এই দুজন একসঙ্গে শরীরচর্চা করেন বলে জানা গেছে।

একটি বিষয়ে এই দুই নতুন ‘বন্ধু’র রয়েছে দারুণ মিল। বরুণ আর জ্যাকুলিন; দুজনেই ভীষণ স্বাস্থ্যসচেতন। কাজ শেষে রোজ অন্তত এক ঘণ্টা প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা করেন দুজনে।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘ঢিসুম’ ছবিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, অক্ষয় খান্না ও নার্গিস ফাখরিকে। মিড-ডে।