বলিউডে পাওলির নতুন অভিযান

‘পাওলি কী, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এবার বুঝবে’— সম্প্রতি কলকাতার অভিনেত্রী পাওলি দামকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলিউডের পরিচালক সেহগাল। বাঙালি বংশোদ্ভূত অভিনেত্রী পাওলি দাম টালিউডের চলচ্চিত্রে সব থেকে আবেদনময়ী নায়িকাদের একজন। তাঁকে নিয়ে হিন্দি ছবির এই পরিচালকের এত উচ্ছ্বাসের কী কারণ! ২০১২ সালে হিন্দি ছবি ‘হেট স্টোরি’ ছবিতে পাওলিকে দেখা গিয়েছিল। সেখানে তিনি ছিলেন প্রেমের গল্পের আবেদনময়ী নায়িকা। ওই ছবির কল্যাণেই তাঁর নামের সঙ্গে সেঁটে গেছে ‘সেক্স সিম্বল’ তকমা।
পরিচালক সেহগাল জানিয়েছেন, ‘বাংলা ছবিতে পাওলি তাঁর গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন অভিনয় দিয়ে। এবার বলিউডের পালা। ‘ইয়ারা সিলি সিলি’ ছবিটি মুক্তির পর বলিউড তাঁকে একজন মেধাবী অভিনেত্রী হিসেবে জানবে।’
তিনি আরও বলেন, ‘চলতি বছর বেশ কিছু নারী চরিত্র নির্ভর ভালো ছবি আসছে। এগুলোর মধ্যেই জায়গা করে নেবে ‘ইয়ারা সিলি সিলি’। এমনকি এই ছবির নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন পাওলি।’
‘ইয়ারা সিলি সিলি’ ছবিতে একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। তাঁর বিপরীতে থাকবেন আরেক বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ইতিমধ্যে বেশ কিছু বাংলা ছবিতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
পরিচালক বলছেন, ‘যদিও তাঁর চরিত্র একজন যৌনকর্মীর, দর্শক হয়তো চাইবেন কিছু উদ্দীপক দৃশ্য। কিন্তু আগেই বলে নিচ্ছি, মনভোলানো অভিনয় ছাড়া রগরগে দৃশ্য কিংবা নগ্ন শরীর প্রদর্শনীর কোনো ব্যবস্থাই এ ছবিতে নেই। এমনকি পরমব্রতের অভিনয়ও অসাধারণ।’
মুভি ড্রিমসের ব্যানারে যৌথভাবে ‘ইয়ারা সিলি সিলি’ ছবিটি বানিয়েছেন রীনা ভূষণ সুরি এবং নীনা সুভাষ সেহগাল। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের ৬ তারিখে মুক্তি পাবে ছবিটি। মিডডে।