বলিউডে বিচ্ছেদে মুনাফা!

বিচ্ছেদ কোনো ভালো কিছু—এমনটি কেউ বলতে চাইবেন না নিশ্চয়ই। গত কয়েক দিনে বলিউডপাড়া তোলপাড় কেবল এই প্রশ্নে—কেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে গেল? কিন্তু বিচ্ছেদের সবই কি খারাপ? মাঝে মাঝে বিচ্ছেদে লাভও হয়। অন্তত ইতিহাস তা-ই বলে।
সালমান খান
একের পর এক হিট ছবি উপহার দিয়ে বক্স অফিসে সালমান খান এমন এক অবস্থান তৈরি করেছেন, যেখানে পৌঁছানো অনেকের পক্ষেই বেশ অসম্ভব। কিন্তু এমনও এক সময় ছিল, যখন সালমান বলিউডে তেমন সুবিধা করতে পারছিলেন না। ২০০২ সালে ঐশ্বরিয়া রাইয়ের (এখন ঐশ্বরিয়া রাই বচ্চন) সঙ্গে বিচ্ছেদের পর তিনি ‘বাগবান’, ‘তেরে নাম’, ‘গর্ব’, ‘মুঝসে শাদি করোগি’র মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। আবার ২০১০ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর ‘দাবাং’, ‘দাবাং টু’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘জয় হো’, ‘কিক’—একের পর এক ছবি মেগাহিট হয়েছে। ১০০ কোটির ক্লাবে ঢোকা তাঁর আটটি ছবির সাতটিই মুক্তি পেয়েছে ক্যাটের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর।
দীপিকা পাড়ুকোন
‘ওম শান্তি ওম’ দিয়ে শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন, ছবিটি ব্যবসাসফলও হয়। কিন্তু অনেক দিন তাঁকে শুনতে হয়েছে এমন নাক সিটকানো—‘দীপিকা! ও আবার অভিনয় পারে নাকি!’ অবশেষে ১৮তম ছবি ‘ককটেল’-এ এসে সবাই তাঁর অভিনয়প্রতিভাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। এমনটা নয় যে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের আগে তাঁর কোনো ছবিই ব্যবসা করছিল না। কিন্তু সে সময় রণবীরের সঙ্গে সম্পর্কের কারণেই তিনি বেশি খবরে পরিণত হচ্ছিলেন। তাঁরা অনেক বেশি খোলামেলা ছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে। সেই সম্পর্ক যখন ভেঙে গেল, দীপিকা মনোযোগ দিলেন ক্যারিয়ারে। তার পরের বছরগুলোতে দীপিকার উত্থান দেখুন—‘ককটেল’, ‘হাউসফুল টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রেস টু’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রামলীলা’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’! অনেকেই বলেন, তিনি এখন বলিউডের এক নম্বর নায়িকা।
শহীদ কাপুর
শহীদ কাপুর যে একজন চমৎকার অভিনেতা, সেটা আমরা এখন জানি। কিন্তু একসময় চকলেট বয়ের ইমেজ থেকে কিছুতেই বেরোতে পারছিলেন না তিনি। বিশেষ করে যখন কারিনা কাপুরের (এখন কারিনা কাপুর খান) সঙ্গে সম্পর্ক ছিল। কারিনার সঙ্গে বিচ্ছেদের পর মুক্তি পাওয়া প্রথম ছবি ‘যব উই মেট’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলে স্বীকৃতি পেল। আশ্চর্যজনকভাবে সেখানে তাঁর বিপরীতে ছিলেন কারিনাই। ‘যব উই মেট’ ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের যে প্রশংসা কুড়িয়েছিলেন শহীদ, সেটাই পরে বিশাল ভরদ্বাজের সঙ্গে ‘হায়দার’ ও ‘কামিনে’র মতো ছবিগুলো করতে সাহায্য করেছিল। এখন তিনি বিশালের আরেকটি ছবি ‘রেঙ্গুন’-এ কাজ করছেন।
অভিষেক বচ্চন
তারকা-সন্তান হিসেবে অভিষেক বচ্চনের শুরুটা ছিল ভয়ানক বাজে। অমিতাভ বচ্চনের ছেলের পরপর ১৬টি ছবি ফ্লপ হয়। এ সময় তিনি প্রেমে পড়েন কারিশমা কাপুরের। বচ্চন ও কাপুর খানদানের মিলন প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর অভিষেক হিট ছবির দেখা পেতে শুরু করেন। ‘ধুম’, ‘ধুম টু’, ‘দস্’, ‘বান্টি অউর বাবলি’, ‘সরকার’, ‘গুরু’র মতো ছবি উপহার দেন তিনি। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিয়ের পর তাঁর ক্যারিয়ারে কিছুটা মন্দাভাব এসেছে। তবে এ সময়ে আছে ‘ধুম থ্রি’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিগুলো। এ ছাড়া এ বছর তাঁর ‘হাউসফুল থ্রি’ ছবিটিও মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে, এটি বেশ ব্যবসা করবে।
তবে এসব সাফল্য-কাহিনি দেখে ভাববেন না যে, বিচ্ছেদে সবারই লাভ হয়। বিবেক ওবেরয়ের কথাই ধরুন! ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর কীই বা লাভ হলো? বলিউডলাইফ ডটকম।