বলিউডে ভাইয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও সোহেল খান
সালমান খান ও সোহেল খান

২০১৭ সাল শুরু হলো সবে। এর মধ্যে খবর বেরিয়ে গেছে, বলিউড পর্দায় এ বছর একসঙ্গে দেখা যাবে একই পরিবারের সদস্যদের। বিশেষ করে ভাই যুগলের রসায়ন দেখা যেতে পারে বিভিন্ন ছবিতে। সালমান খান-সোহেল খান, সানি দেওল-ববি দেওল, রোনিত রয়-রাহুল রয় আর চাচা-ভাতিজা অনিল কাপুর-অর্জুন কাপুর এ বছর রুপালি পর্দায় একসঙ্গে অভিনয় করবেন বলে জানা যায়।

ববি দেওল ও সানি দেওল
ববি দেওল ও সানি দেওল

এর আগে একাধিক ছবিতে সালমান-সোহেল একসঙ্গে অভিনয় করেছেন। ‘ম্যানে পেয়ার কিউ কিয়া’ (২০০৫) ও ‘বীর’ (২০১০) ছবির জন্য তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছে। এ বছর ‘টিউবলাইট’ ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করবেন।
‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ (২০১১) ছবিতে সানি-ববি ভাইদের জুটিও দর্শকদের নজর কাড়ে। তাই এ বছর আবার ‘পোস্টার বয়েজ’ ছবির জন্য পর্দা ভাগ করবেন দেওল ভাইয়েরা।

রোনিত রয় ও রোহিত রয়
রোনিত রয় ও রোহিত রয়

হৃতিক রোশনের নতুন ছবি ‘কাবিল’-এ অভিনয় করতে দেখা যাবে রোনিত ও রোহিত রয়কে। এ ছবিতে দুজন ভাইয়ের চরিত্রেই অভিনয় করছেন। রোহিত বলেন, ‘আমি স্বীকার করতে বাধ্য যে বাস্তব জীবন থেকে অভিনয়ের শক্তিটা রুপালি পর্দায় টেনে আনা খুব সহজ হয়েছে, কারণ আমরা অভিনয় করেছি ভাইয়ের চরিত্রে।’ রোনিত জানান, তাঁরা দুই ভাই যখন পর্দায় সংলাপ বিনিময় করছিলেন, তখন সবকিছুই যেন খুব প্রাকৃতিকভাবে হচ্ছিল। কাবিল মুক্তি পাবে ২৫ জানুয়ারি।

অনিল কাপুর ও অর্জুন কাপুর
অনিল কাপুর ও অর্জুন কাপুর

ভাইদের মিছিলে এক জুটি চাচা-ভাতিজা যোগ হয়েছেন। অনিল কাপুর ও অর্জুন কাপুর প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন ‘মুবারাকা’ ছবিতে। অনিল চাচুর সঙ্গে অভিনয় করবেন বলে বেজায় খুশি অর্জুন। তিনি বলেন, ‘আমি সব সময় অনিল চাচুকে আমার অনুপ্রেরণা হিসেবে অনুসরণ করেছি। তিনি শুধু একজন দারুণ অভিনেতাই নন, আদরণীয় ব্যক্তিও। মনে হচ্ছে যেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর সঙ্গে “মুবারাকা”য় অভিনয় করতে পেরে।’
হিন্দুস্তান টাইমস