বলিউডে সেরা অমিতাভ, জ্যাকুলিন

‘আলাদিন’ ছবির মাধ্যমে ২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন সাবেক এই মিস শ্রীলঙ্কা। সম্প্রতি এ দুই তারকাকে বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষস্থানে রেখেছে টাইমস অব ইন্ডিয়া। টাইমস র্যাঙ্কিং সিস্টেমে সবচেয়ে বেশি নম্বর পেয়ে গত ফেব্রুয়ারি মাসের সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অমিতাভ-জ্যাকুলিন।
তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস অব ইন্ডিয়ার উদ্যোগে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। ৬০টিরও বেশি পত্রিকা এবং ২৫০ টিরও বেশি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে বলিউডের সেরা তারকাদের এই তালিকা প্রস্তুত করা হয়। টাইমস র্যাঙ্কিং সিস্টেমে ফেব্রুয়ারি মাসের সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে জ্যাকুলিন পেছনে ফেলেছেন বলিউডের প্রথম সারির একাধিক অভিনেত্রীকে।
বলিউড অভিষেকের পর থেকেই ধীরে ধীরে জ্যাকুলিনের ব্যস্ততা ও চাহিদা বাড়তে থাকে। ছয় বছরের ক্যারিয়ারে একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে বলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। গত বছর সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘কিক’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ২৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘রয়’। ছবিটিতে তাঁর সহ-অভিনেতা রণবীর কাপুর ও অর্জুন রামপাল। গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবিটিতে দ্বৈত চরিত্রে জ্যাকুলিনের অভিনয় বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে।
টাইমস সেলেবেক্স সেরা অভিনেত্রীর তালিকায় জ্যাকুলিনের পরে আছে ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের নাম। আর তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা আলিয়া ভাটকে। তালিকায় সেরা পাঁচের বাকি দুটি স্থান পেয়েছেন যথাক্রমে আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোন। আর সেরা দশে ঠাঁই পেয়েছেন যথাক্রমে ইয়ামি গৌতম, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সোনম কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া।
এদিকে ফেব্রুয়ারি মাসের সেরা অভিনেতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তালিকায় তাঁর পরেই আছেন রণবীর কাপুর। আর তৃতীয় স্থান দখল করেছেন শাহরুখ খান। এ ছাড়া তালিকায় সেরা দশে ঠাঁই পেয়েছেন যথাক্রমে বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার, সালমান খান, অর্জুন রামপাল, ধানুশ, আমির খান ও আয়ুষ্মান খুরানা।