বলিউডে সেরা শাহরুখ-দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ-দীপিকা
শাহরুখ-দীপিকা

গত বছর শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন জুটির চেন্নাই এক্সপ্রেস ছবির ব্যাপক সাফল্যের পর এ বছরের অক্টোবরে মুক্তি পাওয়া হ্যাপি নিউ ইয়ার ছবিটিও বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে। হ্যাপি নিউ ইয়ার ছবির সাফল্যের রেশ না ফুরাতেই এবার শাহরুখ-দীপিকার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেক পালক। টাইমস র‌্যাঙ্কিং সিস্টেমে অক্টোবরের সেরা বলিউডের অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শাহরুখ-দীপিকা।
তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। ৬০টিরও বেশি পত্রিকা ও আড়াই শরও বেশি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে বলিউডের সেরা তারকাদের তালিকা প্রস্তুত করা হয়।
শাহরুখ সেরা অভিনেতা নির্বাচিত হওয়ার পেছনে হ্যাপি নিউ ইয়ার ছবির পাশাপাশি দিল সে নাচিয়ে ইন্ডিয়াওয়ালে টিভি শো, ১৪টি ব্র্যান্ডের দূতিয়ালিসহ মুক্তি প্রতীক্ষিত রইস ও ফ্যান ছবি নিয়ে প্রকাশিত বিভিন্ন খবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে দীপিকা সেরা অভিনেত্রী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হ্যাপি নিউ ইয়ার, দিল সে নাচিয়ে ইন্ডিয়াওয়ালে, সাতটি ব্র্যান্ডের দূতিয়ালিসহ মুক্তি প্রতীক্ষিত তামাশা, বাজিরাও মাস্তানি ও পিকু ছবি নিয়ে প্রকাশিত বিভিন্ন খবর। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সদ্য প্রকাশিত অক্টোবর মাসের তালিকায় ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের পরেই ঠাঁই পেয়েছেন ব্যাং ব্যাং তারকা হৃতিক রোশন। সেরা পাঁচের বাকি তিনটি স্থান দখল করেছেন যথাক্রমে অভিষেক বচ্চন, সালমান খান ও অক্ষয় কুমার। আর সেরা দশে নাম লিখিয়েছেন শহিদ কাপুর, অমিতাভ বচ্চন, বোমান ইরানি, সনু সুদ ও অনুপম খের।
তালিকায় ঠাঁই পাওয়া অন্য অভিনেতাদের মধ্যে রয়েছেন আমির খান, সাইফ আলী খান, রণবীর কাপুর, রণবীর সিং, ভিভান শাহ, ইরফান খান, অজয় দেবগান, জন আব্রাহাম, বরুণ ধাওয়ান, এমরান হাশমি, সঞ্জয় দত্ত, টাইগার শ্রফ, সুশান্ত সিং রাজপুত, আদিত্য রয় কাপুর প্রমুখ।
বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে দীপিকার পরই আছেন ক্যাটরিনা কাইফ। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে শ্রদ্ধা কাপুর, কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। সেরা দশে নাম লিখিয়েছেন পরিনীতি চোপড়া, ইয়ামি গৌতম, আনুশকা শর্মা, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাট।
তালিকায় ঠাঁই পাওয়া অন্য অভিনেত্রীদের মধ্যে আছেন সোনম কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, টাবু, বিদ্যা বালান, কাজল, নেহা ধুপিয়া, শিল্পা শেঠি, শ্রুতি হাসান, প্রীতি জিনতা, সানি লিওন, কঙ্গনা রানাউত, ইলিয়ানা ডি’ক্রুজ, নার্গিস ফাখরি, বিপাশা বসু, জ্যাকুলিন ফার্নান্দেজ, পুনম পান্ডে, লারা দত্ত, রানী মুখার্জি প্রমুখ।