বলিউডে 'অসম' জুটির জয়জয়কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে বর্ষীয়ান নায়কের সঙ্গে অল্পবয়সী নায়িকাদের অভিনয় করার ঘটনা নতুন কিছু নয়। ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা যেন দর্শকদের চমকে দিতেই এমন অসম জুটি তৈরি করেন। সানি দেওল-কঙ্গনা রনৌত, রজনীকান্ত-সোনাক্ষী সিনহা, রজনীকান্ত-ঐশ্বরিয়া রাই বচ্চন—এমন অনেক ‘অসম’ জুটির নজির মিলবে বলিউডে। তবে মজার বিষয় হলো, এ বছর সবচেয়ে আলোচিত ছবিগুলোর নায়ক-নায়িকার মধ্যে একটা বিষয়ের খুব মিল। সব জুটির মধ্যেই বয়সের বিশাল ফারাকের বিষয়টা অত্যন্ত স্পষ্ট।


সালমান খানের ‘সুলতান’ ছবির নায়িকা কে হবেন তা নিয়ে গত বছর থেকেই অনেক জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ নায়িকা পেলেন ‘সুলতান’। নির্মাতা আলী আব্বাস জাফর তাঁর এই ছবিতে ৫০ বছরের সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে বেছে নিয়েছেন ২৮ বছরের আনুশকা শর্মাকে। এত ‘মুরব্বি’ অভিনেতার জুটি হওয়ার অভিজ্ঞতা অবশ্য আনুশকার এটাই প্রথম নয়। প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’তে তাঁর সহ-অভিনেতা ছিলেন শাহরুখ খান। যিনি বয়সে সালমান খানেরই সমান।

এ বছরও শাহরুখকে অল্পবয়সী এক নায়িকার সঙ্গে প্রেম করতে দেখা যাবে। ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধে ২৩ বছরের আলিয়া আর ৫০ বছরের শাহরুখকে এবার এক ফ্রেমে নিয়ে আসছেন। সহ-অভিনেতার সঙ্গে বয়সের এই বিশাল ব্যবধানে প্রথম তো আলিয়া একটু ঘাবড়েই গিয়েছিলেন। সেই ছবিতে অভিনয় করতে একটু গড়িমসিও করছিলেন শুরুতে—এমন খবরই প্রকাশিত হয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলোতে। পরে অবশ্য তিনি
বুঝতে পেরেছেন বয়সে ‘কিং খান’ অর্ধশতক পেরোলেও পর্দায় শাহরুখ-আলিয়ার রসায়ন এক শতে এক শ পেতে সক্ষম।

এ বছর ‘বলিউড বাদশা’ শাহরুখ খান রাহুল ঢোলাকিয়ার নতুন ছবি ‘রইস’-এ সহ-অভিনেত্রী হিসেবে পেয়েছেন তাঁর থেকে ১৭ বছরের ছোট মাহিরা খানকে। পাকিস্তানি এই নায়িকা ও শাহরুখের বয়সের ব্যবধানটি খুবই স্পষ্ট। বলিউডে ‘খান’দের নিজের বয়সী নায়িকাদের দিন প্রায় ফুরিয়ে এসেছে, আর এই সুযোগে সিনেমায় কমবয়সী নায়িকাদের সঙ্গে চুটিয়ে প্রেম করার সুযোগ পাচ্ছেন তাঁরা। হোক না তা পর্দায়, তাই বা কম কী সে?

অবশ্য, ২০১৬ সালে কেবল নায়কদের ভাগ্যেই ‘ছোট ছোট’ নায়িকা জোটেনি। এ বছর ‘অসম’ জুটির দেখা মিলবে বিপরীতভাবেও। আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ ছবিতে ৩৫ বছর বয়সী অভিনেত্রী কারিনা কাপুর খানের স্বামীর চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা অর্জুন কাপুরকে, অর্জুন কারিনার থেকে পাঁচ বছরের ছোট। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।