বলিউডের ছবির পোস্টার বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপরে ‘ঢিসুম’ ছবির পোস্টারে বরুণ ও জন নিচের পোস্টারটি স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা’ ছবির।
ওপরে ‘ঢিসুম’ ছবির পোস্টারে বরুণ ও জন নিচের পোস্টারটি স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা’ ছবির।

বলিউডের পরিচালক রোহিত ধাওয়ানের পরিচালনায় খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ‘ঢিসুম’ ছবিটি। এ ছবিতে অভিনয় করছেন অভিনেতা বরুণ ধাওয়ান, জন আব্রাহাম ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ ছবির প্রথম পোস্টার। পোস্টারের ছবির দৃশ্যে মোটরসাইকেল চালাচ্ছেন জন আব্রাহাম, পাশের সাইড কারে বরুণ, আর তাঁদের তাড়া করছে এক দল গুন্ডা। কিন্তু প্রকাশিত হওয়ার পরপরই এই পোস্টার নিয়ে শুরু হয়েছে যত বিপত্তি। বলিউডে জোর কানাঘুষা চলছে, স্টিভেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ ছবির পোস্টারের সঙ্গে নাকি ‘ঢিসুম’ পোস্টারের অসম্ভব মিল। অনেকে বিষয়টিকে কাকতাল বলছেন বটে; কিন্তু অনেকেই পোস্টারটির বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন। অবশ্য, দুই পোস্টারের যেখানে এত মিল! এ নিয়ে তো কারও কারও মনে সন্দেহ জাগতেই পারে।
এদিকে, আরেকটি সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্যান্টম’-এর পোস্টার নিয়েও জেগেছে নানা সন্দেহ। এ ছবির পোস্টারে দেখা যাচ্ছে— সাইফ আলী খান এবং ক্যাটরিনা কাইফকে ভারতের জাতীয় পতাকা দিয়ে চোখ বাঁধা অবস্থায়। হলিউডের ‘হোমফ্রন্ট’ ছবির পোস্টারের সঙ্গে এ পোস্টারের অদ্ভুত মিল।
আবার, বেশ কিছুদিন আগে মুক্তি পাওয়া রণবীর কাপুর এবং আনুশকা শর্মার ‘বোম্বে ভেলভেট’ ছবির পোস্টারটি নিয়েও এমন অভিযোগ উঠেছিল। এ ছবির পোস্টারের সঙ্গে রণবীর কাপুরের পিতামহ রাজ কাপুরের ‘বারসাত’ ছবির পোস্টারের মিল ছিল চোখে পড়ার মতো।
এমন উদাহরণ অসংখ্য, ভূরি ভূরি। আনুশকা শর্মা অভিনীত ‘এনএইচ ১০’ ছবির পোস্টারটির বিরুদ্ধেও উঠেছিল এমনই এক অভিযোগ। হলিউডের আরেক বিখ্যাত ছবি ‘অ্যাভেঞ্জারস’ পোস্টারের সদৃশ ছিল এ ছবির পোস্টার।
কিছুদিন আগেই মুক্তি পাওয়া বরুণ ধাওয়ানের ‘বদলাপুর’ ছবির পোস্টারটিও হুবহু, এমনকি বিভিন্ন কোণ থেকে দেখার পর মিলে গিয়েছিল হলিউডের সাড়া জাগানো ‘ইনসেপসন’ ছবির পোস্টারের সঙ্গে।
এ বছর মুক্তি পাওয়া বলিউডেরই আরেকটি ব্যবসাসফল ছবি ‘পিকে’-এর পোস্টারের মিল খুঁজে পাওয়া গিয়েছিল এক পর্তুগিজ সংগীতশিল্পীর ১৯৭৩ সালে মুক্তি পাওয়া অ্যালবামের প্রচ্ছদের সঙ্গে। তবে, এ ক্ষেত্রে একমাত্র পার্থক্য ছিল, ‘পিকে’ ছবির পোস্টারে আমির খানের হাতে ছিল একটি ক্যাসেট প্লেয়ার। আর ওই শিল্পীর ছিল পিয়ানো। শুধু ‘পিকে’ ছবিই নয়; আমির খানের ‘গজনি’ ছবির পোস্টারের সঙ্গেও অনেক মিল ছিল হলিউডের ‘হাল্ক’ ছবির পোস্টারের।

বিপাশা বসু অভিনীত ‘ক্রিয়েচার থ্রিডি’ ছবির পোস্টারও বাদ যায়নি এ তালিকা থেকে। বিক্রম ভাট পরিচালিত এ ছবির পোস্টার পুরোপুরি মিল রয়েছে ২০০১ সালে মুক্তি পাওয়া হলিউডের হরর ছবি ‘জিপারস ক্রিপারস’-এর পোস্টারের সঙ্গে।
এ ছাড়া, ‘ভাগ মিলখা ভাগ’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’র মতো সাড়া জাগানো ছবির পোস্টারের বেলাতেও খুঁজে পাওয়া গেছে হলিউড আর বলিউডের বিভিন্ন ছবির পোস্টারের অনেক সমিল। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।