বলিউডের জনপ্রিয় 'মা'-এর প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রীমা লাগু
রীমা লাগু

মা দিবস যেতে না–যেতেই যেন ‘মা’-হারা হলো বলিউড। চলে গেলেন বলিউডের জনপ্রিয় ‘মা’ অভিনেত্রী রীমা লাগু। গতকাল বৃহস্পতিবার সকালে ৫৯ বছর বয়সী এই অভিনেত্রী মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর প্রয়াণে রীতিমতো মর্মাহত গোটা বলিউড।
রীমা লাগুকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আমির খান, কিরণ রাও, কাজল, মহেশ ভাট, রাজা মুরাদ, শচীন পিলগাঁওকর, ববরখা বিস্তসহ বড় ও ছোট পর্দার খ্যাতিমান ব্যক্তিরা। অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, বোমান ইরানি, রিতেশ দেশমুখ, মধুর ভান্ডরকরসহ বলিউডের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনা করেন। বিকেলে মুম্বাইয়ের ওশিওয়ারাতে শেষকৃত্য সম্পন্ন হয় রীমা লাগুর।
১৯৭০ সালে রীমা লাগুর অভিনয়জীবন শুরু হয়। বলিউড সিনেমার পাশাপাশি বহু মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। হাম আপকে হ্যায় কৌন, কুছ কুছ হোতা হ্যায়, হাম সাথ সাথ হ্যায়, কাল হো না হো, বাস্তব, ম্যায়নে পেয়ার কিয়া, আশিকিসহ একাধিক সুপার হিট ছবিতে রীমাকে দেখা গেছে আদর্শ মায়ের ভূমিকায়। ছোট পর্দায়ও রীমা লাগু অভিনীত জনপ্রিয় কিছু টিভি ধারাবাহিক রয়েছে। এর মধ্যে শ্রীমান-শ্রীমতী আরতু তু ম্যায় ম্যায়-এর কথা তো বলতেই হয়।