বলিউডের পরশপাথর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

নিঃসন্দেহে বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ খান। কোনো ছবিতে কিং খানের অন্তর্ভুক্তি মানেই ছবির নিশ্চিত সাফল্য। সম্প্রতি ৪৮ বছর বয়সী এই তারকা অভিনেতা দাবি করেছেন, যে ছবিতেই তিনি অভিনয় করবেন দর্শকেরা তা-ই দেখবেন।


শাহরুখ বলেন, ‘অফ-বিট ছবি আবার কী? আমাকে অফ-বিট কোনো ছবিতে অন্তর্ভুক্ত করলেই তা অন-বিট হয়ে যাবে। ‘‘চাক দে! ইন্ডিয়া’’ গতানুগতিক ধারার বাইরের ছবি হলেও দারুণ ব্যবসা করেছে। আমার ক্যারিয়ারের সেরা সাফল্য এটি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।

শাহরুখ আরও বলেন, ‘আমি মনে করি, যেকোনো ছবির সঙ্গে আমি সম্পৃক্ত হলে সেটি বড় মাপের ছবি বলে বিবেচিত হবে। কারণ আমি বড় একজন চলচ্চিত্র তারকা। এমনকি অফ-বিট ছবি হলেও দর্শক তা দেখবেন এবং ছবিটি অন-বিটে পরিণত হবে। আমি নিজের ইচ্ছাতেই ‘‘মায়া মেমসাব’’, ‘ওহ ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া’’, ‘‘ডর’’, ‘‘বাজিগর’’, ‘‘স্বদেশ’’ ও ‘‘চাক দে! ইন্ডিয়া’’র মতো অফ-বিট ছবিতে অভিনয় করেছি।’

অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই অফ-বিট ছবিতে অভিনয় করতে রাজি হন বলেই জানিয়েছেন ‘বলিউড বাদশাহ’। অন্যের চাওয়া পূরণ করতে এ ধরনের ছবির কাজ হাতে নেন না বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘কারও চাওয়া পূরণ করতে আমি কখনোই কোনো কাজ করি না। আমার যথেষ্ট অর্থ ও প্রতিপত্তি আছে। আমি ধনী একজন তারকা। আমি বিখ্যাত এবং অনেক পুরস্কারও আছে আমার ঝুলিতে।’

শাহরুখ আরও বলেন, ‘আমি কেবল তেমন ছবির সঙ্গেই নিজেকে জড়াব, যা আমাকে খুশি করবে। আমি ‘‘রা ওয়ান’’ ছবি করেছি, কারণ আমার সন্তানেরা সুপারহিরো পছন্দ করে। আমার বাবা হকি খেলতেন। এ জন্য ‘‘চাক দে! ইন্ডিয়া’’ ছবিতে অভিনয় করেছি আমি। আসলে কোনো কিছু করতে ভালো লাগার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।’