বলিউডের পাঁচ মজার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বলিউডের দুনিয়া অনেক বড়। এই রঙের দুনিয়ায় চাকচিক্য, গুজব, তারকাদের বিরোধ, বন্ধুত্ব, কাদা ছোড়াছুড়ি সবই চলে। বলিউড তারকাদের হাঁড়ির খবর খুঁজে বের করতে গণমাধ্যমও সব সময় ওত পেতে থাকে। তারকাদের কোনো বিষয় গোপন থাকবে কেন! কয়েকজন বলিউড তারকার সেরকম অজানা কিছু তথ্য নিয়ে সাজানো হয়েছে এই ফিচার। এসব জানলে হয়তো চোখ কপালে উঠবে। হাসিও পাবে।

অমিতাভের প্রেমিকা ও মা
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রেহমান। পর্দায় তিনি অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আবার তাঁকে একই ব্যক্তির প্রেমিকা হিসেবেও দেখা গেছে অন্য আরেকটি সিনেমায়। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘আদালত’ সিনেমায় ওয়াহিদা ‘বিগ বি’ অমিতাভের প্রেমিকা হয়েছিলেন। দুই বছর বাদেই প্রেমিকা থেকে হয়েছেন অমিতাভের মা। ১৯৭৮ সালে ‘ত্রিশূল’ ছবিতে এই অভিনেতার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
সুনীল দত্ত ও নার্গিসের প্রেম
বলিউডের প্রয়াত অভিনেতা সুনীল দত্ত ছিলেন রেডিও জকি। রেডিও সিলনে পেশাদার জকি হিসেবে কাজ করতেন তিনি। সেখানে চাকরি করার সময় তাঁর প্রিয় অভিনেত্রী নার্গিসের একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। যেদিন সুযোগ পেলেন সেদিনই ঘটল বিপত্তি। প্রিয় তারকাকে সামনে পেয়ে সুনীল দত্ত এতটাই ঘাবড়ে গেলেন যে মুখ থেকে আর কোনো শব্দই বের হতে চাইছিল না। তাতে অনুষ্ঠান গেল ভেস্তে। বাতিল করতে হয়েছিল সেই অনুষ্ঠানটি। এরই কয়েক বছর পরে সুনীল ও নার্গিস ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে কাজ করতে গিয়ে দুজন দুজনার প্রেমে পড়েন। ১৯৫৮ সালে বিয়েও করেন তাঁরা। মজার বিষয় হলো, ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে নার্গিসের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল।
কারিনার ১৩০ পোশাক বদল
কারিনা কাপুরের ‘হিরোইন’ ছবির কথা মনে আছে? মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। ছবিটিতে কারিনা কাপুর ১৩০ টিরও বেশি পোশাক পড়েছিলেন। আর সেই পোশাকগুলোর নকশা করেছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় সব ফ্যাশন ডিজাইনার। এখন পর্যন্ত আর কোনো হিন্দি ছবিতে নায়িকার জন্য এতগুলো পোশাক নকশা করা হয়নি।
গ্যারেজে থাকতেন অনিল কাপুর
অনিল কাপুর বলিউডের ৮০ ও ৯০-এর দশকের তুমুল জনপ্রিয় এক নায়ক। অভিনেতা হিসেবে এখনো তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর পরিবার প্রথম যখন মুম্বাইতে আসেন, তখন উঠেছিলেন রাজ কাপুরের বাড়ির গ্যারেজে। প্রয়াত রাজ কাপুর বলিউডের একজন বর্ষীয়ান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
এক ছবির ৯২টি পুরস্কার
হৃতিক রোশন ও আমিশা প্যাটেলের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ ২০০২ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছে। কারণ, মুক্তির পরের বছর ছবিটি বিভিন্ন শাখায় মোট ৯২টি পুরস্কার জিতে নেয়। বিশ্বের আর কোনো ছবি এখন পর্যন্ত এতগুলো পুরস্কার পায়নি। স্টোরিপিক, স্কুপ হুপ, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে নাদিয়া মাহমুদ