বলিউডের বন্ধুরা
বন্ধু দিবস আসে, বন্ধু দিবস যায়। কিন্তু সত্যিকারের বন্ধুরা সারা জীবন সঙ্গে থাকে। বন্ধুত্বকে উদ্যাপন করার জন্য তাঁরা কোনো দিবসের পরোয়া করে না। লোকে বলে, কর্মক্ষেত্রে নাকি ভালো বন্ধু হয় না। আর বলিউডে তো বন্ধু বানানোর প্রশ্নই ওঠে না। কিন্তু নিন্দুকদের এই কথায় বুড়ো আঙুল দেখিয়ে কয়েকজন বলিউড তারকা কিন্তু ঠিকই তাঁদের বন্ধুত্ব বজায় রেখেছেন। আজ আমরা তেমনই কয়েকজন বলিউড বন্ধুর কথা জানব।

হৃতিক রোশন ও কুনাল কাপুর
হৃতিক আর কুনাল ছোটবেলার বন্ধু। তাঁরা একে অন্যের জানের দোস্ত। সময় পেলে এখনো রাত-বিরাতে ঘুরতে বের হয়ে যান দুজন। ২০১৫ সালে দিল্লিতে কুনালের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হওয়ার জন্য হৃতিক কি কাণ্ড ঘটিয়েছিলেন শুনুন। তখন হৃতিক আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জোদারো’ সিনেমার শুটিং করছিলেন। শুধু কুনালের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যই সিনেমার মেকআপসহ ধুতি-কোটি পরেই বিমানবন্দরে গিয়ে জরুরি ফ্লাইট ধরেছিলেন।

প্রীতি জিনতা ও ঐশ্বরিয়া রাই বচ্চন
বলিউডে ঐশ্বরিয়া আর প্রীতির বন্ধুত্ব অনেক দিনের। যদিও তাঁদের এই বন্ধুত্বের কথা বলিউডের বাইরে খুব কম মানুষই জানেন। বচ্চনদের অনেক পারিবারিক ভ্রমণেও প্রীতিকে সঙ্গী হতে দেখা যায়। এই ‘দিল সে’ অভিনেত্রীর মতে, ঐশ্বরিয়া হলেন দারুণ এক মা। তাঁর সঙ্গে ঘুরে বেড়াতে খুব আরাম পান প্রীতি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অ্যাশকে নতুন রূপে দেখে তো রীতিমতো তিনি নতুন করে এই বন্ধুর প্রেমে পড়েছেন।

কঙ্গনা রনৌত ও প্রিয়াঙ্কা চোপড়া
‘ফ্যাশন’ ছবিতে কঙ্গনা ও প্রিয়াঙ্কা ছিলেন একে অন্যের ঘোর শত্রু। বাস্তবে কিন্তু কাহিনি উল্টো। এমনিতে বলিউডে কঙ্গনার কোনো বন্ধু নেই বলেই সবাই জানেন। কিন্তু সবার মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেই তাঁর সম্পর্ক সবচেয়ে মধুর। ‘ফ্যাশন’ ছবিতে যখন তাঁরা দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন, তখন একসঙ্গে পার্টির আয়োজন করেছিলেন। ‘কুইন’ তারকা একবার বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা আমার বন্ধু, সে আমাকে যেকোনো সাংবাদিকের থেকে ভালো চেনে।’ গত বছর ডিজাইনার মনিষ মালহোত্রা প্রিয়াঙ্কার ভারতে ফেরা উপলক্ষে তাঁর বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। সেখানেও প্রিয়াঙ্কাকে স্বাগতম জানাতে এসেছিলেন কঙ্গনা।

রণবীর সিং ও জোয়া আখতার
একজন অভিনেতা, অন্যজন চলচ্চিত্র নির্মাতা। রণবীর আর জোয়া। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। পাগলাটে রণবীরের সঙ্গে মানসিকতার খুব মিল জোয়ার। এই নির্মাতার ‘দিল ধাড়াক নে দো’ ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিং। সামনে তাঁর ‘গাল্লি বয়’-তেও দেখা যাবে তাঁকে।

আদিত্য রয় কাপুর ও রণবীর কাপুর
এই দুই কাপুর বলিউডে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আদিত্য ও রণবীর জিগরি দোস্তের চরিত্রে অভিনয় করেছিলেন। ‘রিল লাইফ’ থেকে এখন তাঁরা ‘রিয়েল লাইফ’-এ ও ভালো বন্ধু হয়ে গেছেন। শোনা যায়, শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম ভাঙার পর যখন আদিত্য ভেঙে পড়েছিলেন, তখন রণবীর তাঁকে সব সময় সান্ত্বনা দিতেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস