বলিউডের 'টুইটার কুইন'

সময়টা ভালোই যাচ্ছে বলিউডের অভিনেত্রী-গায়িকা, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়ার। ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া মেরি কম ছবির সাফল্যের পর এবার টুইটারে ৭০ লাখ অনুসারীর মাইলফলক ছুঁলেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। পাশাপাশি টুইটারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের ডিঙিয়ে শীর্ষে উঠলেন তিনি। আর বলিউডের সব তারকার মধ্যে পঞ্চম স্থান দখল করলেন প্রিয়াংকা।
১০ মিলিয়নের বেশি টুইটার অনুসারী নিয়ে বলিউডের তারকাদের মধ্যে টুইটার অনুসারীর সংখ্যার বিচারে সবচেয়ে এগিয়ে আছেন অমিতাভ বচ্চন। তাঁর পরের তিনটি অবস্থানে আছেন যথাক্রমে শাহরুখ খান (৯.০৪ মিলিয়ন), আমির খান (৮.৪৬ মিলিয়ন) ও সালমান খান (৮.২৮ মিলিয়ন)। এবার সাত মিলিয়ন টুইটার অনুসারী জুটিয়ে অমিতাভ, শাহরুখ, আমির ও সালমানের পর নিজের অবস্থান করে নিলেন প্রিয়াংকা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
২০০৯ সালের জানুয়ারিতে টুইটারে যোগ দিয়েছিলেন প্রিয়াংকা। সম্প্রতি সাত মিলিয়ন টুইটার অনুসারী পাওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এই ‘ফ্যাশন’ তারকা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। #সেভেন মিলিয়ন পিসি ম্যানিয়াকস...আমাদের পরিবার বিশাল হচ্ছে...আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।’