বস্তা পচা কৌতুক নয় 'গোলমাল'-এ

বলিউডে ফিল্ম সিরিজগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের দিক থেকে সাতে আছে ‘গোলমাল’। রোহিত শেঠি পরিচালিত এ কমেডি সিরিজের প্রথম সিনেমাটি (গোলমাল: ফান আনলিমিটেড) ‘সেমি হিট’ হলেও পরেরটি ঝড় তুলেছিল বক্স অফিসে। পরে ‘গোলমাল থ্রি’ (২০১০) ছিল ওই বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয়।
ভীষণ সফল এই সিরিজের চতুর্থ সিনেমা ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। অভিনেতা আরশাদ ওয়ার্সি আগেই জানিয়ে রাখলেন, চতুর্থ ছবিতে টাটকা কৌতুকের স্বাদই পাবেন ‘গোলমাল’-ভক্তরা।
গোলমাল সিরিজের প্রতিটি সিনেমায় ‘মা’ (মাধব) চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ওয়ার্সি। ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার সৌজন্যে ‘সার্কিট’-খ্যাত এ অভিনেতা জানালেন, গোলমালের আগের সিনেমাগুলোর তুলনায় এবার একদম নতুন কৌতুকের স্বাদ পাবেন দর্শকেরা। ‘গোলমাল অ্যাগেইন’ দেখে কেউ বিরক্ত হবে না বলেই বিশ্বাস ওয়ার্সির, ‘ক্লান্তি আসবে না, আমাদের চরিত্রগুলো সত্যিই ভীষণ মজার। ওরা (চরিত্র) বিরক্তিকর হলে আমারও বিরক্ত লাগত। এখানে (গোলমাল অ্যাগেইন) সেটার কোনো সুযোগই নেই। আমরা এবারও নতুন কৌতুক ও ব্যঙ্গাত্মক ঘটনা রেখেছি। সূত্র: এনডিটিভি।