বহুরূপী আমির
>‘মি. পারফেকশনিস্ট’ নামেই পরিচিত তিনি। এমনিতেই এই নাম দেওয়া হয়নি তাঁকে। ছবিতে নিজের চরিত্র তৈরিতে চুলচেরা হিসাব-নিকাশ করেন। এভাবে তৈরি হয়েছে তাঁর একেক ছবিতে একেকটি স্বতন্ত্র চরিত্র। মি. পারফেকশনিস্ট নামটিতে নিজেকে যোগ্য প্রমাণ করেছেন আমির খান। বিভিন্ন ছবিতে বহুরূপে হাজির হওয়া আমিরকে নিয়ে এবারের আয়োজন ‘বহুরূপী আমির’।

ক্যাপ্টেন হ্যাডক: সিক্রেট সুপারস্টার
সম্প্রতি টুইটারে আমির খানের একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে ঠিক ক্যাপ্টেন হ্যাডকের মতো দেখা যায়। ধারণা করা হচ্ছে, পরবর্তী ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ আমিরকে এই রূপেই দেখা যেতে পারে।

কুস্তিগির বাবা: দঙ্গল
আমির ‘পিকে’ ছবিতে ছিলেন অ্যালিয়েনরূপে। এবারে একেবারেই পৃথিবীর মানুষ তিনি। তাও একজন কুস্তিগির বাবা। আসছে ডিসেম্বরে মুক্তি পাবে ‘দঙ্গল’। ছবিটিতে অভিনয়ের জন্য বেশ ওজন বাড়াতে হয় তাঁকে।

অ্যালিয়েন: পিকে
২০১৪ সালে আমির খানের ‘পিকে’ ঝড় তোলে বলিউডে। আমির হাজির হন নতুন রূপে। একেবারে ভিনগ্রহের প্রাণী হিসেবে। ‘পিকে’ ছবিতে আমিরের অ্যালিয়েনরূপে অভিনয় ভক্তদের আরেকবার মনে করিয়ে দেয় তিনি মি. পারফেকশনিস্ট।

পুলিশ: তালাশ
ছবিটি তেমন ব্যবসাসফল নয়। তাতে কী? আমির কিন্তু হাজির ভিন্নরূপে। একদম গোঁফওয়ালা পুলিশ কর্মকর্তা।

ডিসকো ড্যান্সার: দিল্লি বেলি
‘দিল্লি বেলি’ ছবিতে পুরোপুরি পরিবর্তিত আমির। ডিসকো ড্যান্সার হিসেবে ঝকমকে পোশাকে দেখা দিলেন পর্দায়। ভাগনে ইমরান খান অভিনীত ছবিতে আমির ছিলেন অতিথি শিল্পী হিসেবে।

দুষ্টু ছাত্র: থ্রি ইডিয়টস
বয়স বেশি? কিছুই আসে-যায় না তাতে। দেখিয়ে দিলেন আমির। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে তরুণ ছাত্র রানচোর ভূমিকায় আবারও অনবদ্য আমির। ছবিটি রেকর্ড গড়েছিল বলিউড সিনেমায়।

পাগলাটে: গজনি
ধুন্ধুমার মারামারি আর পাগলাটে চরিত্রের আমিরকে যাঁরা দেখেননি, তাঁদের জন্য এই ছবিটি। ‘গজনি’ ছবির এই চরিত্রে আমির যেন নতুন রূপে ফিরে এলেন। তাঁর কদমছাঁট মাথার কাটা দাগ উঠতি তরুণের জন্য অনুকরণীয় হয়ে উঠেছিল।

শিক্ষক: তারে জামিন পার
একেবারেই সচেতন শিক্ষক। সবার কাছে অভদ্র, দুষ্টু ছাত্রটি তাঁর ছোঁয়ায় হয়ে উঠল সবার প্রিয়। আমির খান এখানেও সফল। ২০০৭ সালের ছবিটি বলিউডে বেশ আলোচিত হয়। ছবিটি পরিচালনার ভারও ছিল আমিরের কাঁধে।

বিপ্লবী: মঙ্গল পান্ডে: দ্য রাইজিং
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী মঙ্গল পান্ডের চরিত্রে দেখা গিয়েছিল আমির খানকে। কেতন মেহতা পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৫ সালে। মঙ্গল পান্ডের চরিত্রে আমিরের অভিনয় প্রশংসিত হয়।

খেলোয়াড়: লগান
ইতিহাস বিষয়ে সিনেমা করার জন্য বিখ্যাত আশুতোষ গোয়ারিকড়। আমিরকে নিয়ে বানান ‘লগান’ ছবিটি। ব্রিটিশ উপনিবেশবাদবিরোধী ছবিটিতে আমির একজন গ্রাম্য খেলোয়াড়। কর মওকুফের জন্য ব্রিটিশ কর্মচারীদের সঙ্গে ক্রিকেট খেলায় বাজি ধরেন। গ্রাম্য সাধারণ কিছু মানুষ মিলে হারিয়ে দেন ব্রিটিশ কর্মচারীদের। আমির এখানেও অনবদ্য অভিনয় করেন।