বাঁচতে, হাসতে, ভালোবাসতে দীপিকার উদ্যোগ

বিষণ্নতায় আক্রান্ত হয়েছিলেন বলেই হয়তো দীপিকা বোঝেন বিষণ্নতার যাতনা। ভারতে বিষন্নতায় আক্রান্তদের জন্য তাই একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোণ। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবে দীপিকার এই দাতব্য প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উদ্বোধন সংক্রান্ত নানা তথ্য জানান তিনি। দীপিকা বলেন, ‘অক্টোবরের ১০ তারিখ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে।’
গত ৬ আগস্ট ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ নামের এই দাতব্য প্রতিষ্ঠানের লোগো উন্মোচন করা হয়।
এ উদ্যোগ নিয়ে দীপিকা বলেন, ‘বিষণ্নতায় ভুগেছি বলেই আমি জানি, দেশের অনেক মানুষ এখন বিষণ্নতায় আক্রান্ত। এই রোগ চিহ্নিত করা, এ সংক্রান্ত তথ্য পাওয়া এবং পেশাদার চিকিৎসকের কাছ থেকে পরামর্শ পাওয়া এক বিরাট সমস্যা।’
দীপিকা মনে করেন, পেশাদার চিকিৎসকেদের সহায়তা পেলে রোগটি থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। দীপিকার এই ফাউন্ডেশন থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও পরামর্শ সুবিধা পাওয়া যাবে। হিন্দুস্তান টাইমস