বাঁচলেন এবং বাঁচালেন

বীরত্বের জন্য অশোক চক্র খেতাব পাওয়া সর্বকনিষ্ঠ ভারতীয় নিরজা ভানোতের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। এ জন্য এরই মধ্যে সোনম প্রশংসার বন্যায় ভাসছেন। সাহসী এই চরিত্রে অভিনয় করে তিনি মন জিতেছেন অমিতাভ বচ্চন, আমির খান, বিদ্যা বালানের মতো পাকা অভিনেতাদের। তবে সোনমের এই সাহসিকতা কিন্তু শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনেও সাহসী সোনম নিজেকে বাঁচানোর পাশাপাশি মহাবিপদ থেকে বাঁচিয়েছেন এক বন্ধুকেও।
সোনম তাঁর বাস্তব জীবনের সাহসিকতার গল্প বলেন এভাবে—এক বন্ধুর সঙ্গে তিনি নাকি একবার ঘুরতে বেড়িয়েছিলেন। চালকের আসনে ছিলেন তাঁর সেই বন্ধু। তখন সোনমের বয়স ১৫-১৬। সরু গলি দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ করেই তাঁদের গাড়ি থেমে যায়। সোনম তখনই বিপদের আশঙ্কা আঁচ করতে পেরেছিলেন। বিপদের আভাস পেয়েই জলদি গাড়ি থেকে নেমে পড়ার কথা সেই বন্ধুকে জানান দিল্লি ৬-এর সোনম। কিন্তু বন্ধু তো নামতে নারাজ। কে শোনে কার কথা! সোনম গাড়ি থেকে বেরিয়ে পড়েন। এর পরপরই দেখেন গাড়ির এক পাশে আগুন ধরে গেছে। চিৎকার করতে থাকেন সোনম। নিজে ঠিক সময়ে গাড়ি থেকে নামতে পারলেও চালকের আসনের দরজা কিছুতেই খুলছিল না। তখন জীবন বাজি রেখে বন্ধুকে অন্য দরজা দিয়ে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বের করেন বলিউডের এই ‘নিরজা’। একটু পরই তাঁদের গাড়ি বিস্ফোরিত হয়। বলিউড লাইফ।