বাংলাদেশ নিয়ে বললেন জে পি দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পল্টন’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে শিল্পী ও পরিচালক
‘পল্টন’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে শিল্পী ও পরিচালক

‘বর্ডার’ আর ‘এলওসি কারগিল’ ছবির সাফল্যের পর অনেকেই তাকিয়েছিল পরিচালক জে পি দত্তর পরবর্তী ছবির দিকে। ১১ বছর পর আবার ছবি তৈরি করেছেন তিনি। তাঁর এবারের ছবি ‘পল্টন’। এত দিন পরে হলেও প্রখ্যাত এই নির্মাতার পরিচালনার ধরন এতটুকু বদলায়নি। গতকাল বৃহস্পতিবার মুম্বাইর আন্ধেরির এক মাল্টিপ্লেক্সে তেমনই শোনা গেছে। ‘পল্টন’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এখানে। এই অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গও।

গতকাল মুক্তি পেয়েছে ‘পল্টন’ ছবির ট্রেলার। ১৯৬৭ সালে ভারত-চীন যুদ্ধের ওপর তৈরি হয়েছে ছবিটি। পরিচালক জে পি দত্ত তাঁর এই নতুন ছবিকে যুদ্ধের ছবি বলতে চান না। তাঁর মতে, ‘যুদ্ধ যখন হয়, তখন দুজনের হাতেই অস্ত্র থাকে। এখানে চীন চুপিসারে ভোরবেলায় আক্রমণ করে ভারতীয় সেনাদের ওপর। তাই এটা কখনোই যুদ্ধ হতে পারে না।’

জে পি দত্ত তাঁর ‘পল্টন’ ছবির শিল্পীদের ব্যাপারে বলেন, ‘আমার ছবির সব পল্টন শুটিংয়ের সময় প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমে পাঁচ কিলোমিটার দৌড়ায়। তারপর হোটেলে ফিরে জিম করেছে। তখন আমার ভয় হতো, যদি কিছু হয়ে যায়, তার সব দায় আমাকেই নিতে হবে। তাঁরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে। একসময় তাঁদের বলেছি, অনেক হয়েছে, আর করতে হবে না।’

‘পল্টন’ ছবির দৃশ্য
‘পল্টন’ ছবির দৃশ্য

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তৈরি ‘বর্ডার’ ছবি নিয়েও কথা হয় গতকালের অনুষ্ঠানে। ব্যবসাসফল এই ছবিটি তৈরি হয় ১৯৯৭ সালে। ২০ বছর পর ছবিটি নিয়ে আলাপ করতে গিয়ে ওঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। জে পি দত্ত বলেন, ‘পাকিস্তান কখনো বাংলাদেশকে ভুলতে পারবে না। এ কারণেই এখনো পাকিস্তান নানা কিছু করে চলেছে। আর কাশ্মীরের অবস্থা হলো এক ভেঙে যাওয়া বিয়ে থেকে জন্ম হওয়া সন্তানের মতো। শিশুটি দুই দিক থেকেই টফি খায়।’

‘পল্টন’ ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, অর্জুন রামপাল, সনু সুদ, গুরমিত চৌধুরী, হর্ষবর্ধন রানে, সিদ্ধান্ত কাপুর, লুভ সিনহা, এষা গুপ্ত, সোনাল চৌহান, দীপিকা কাকর, মণিকা গিল। ছবিটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর।