বাগড়া দিল কাজ!

গত বছরের ডিসেম্বরে সুজান খানের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ‘কৃশ’ তারকা হৃতিক রোশন। একই মাসে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন ওঠে। হৃতিক বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেও, এখনও হৃতিক-কঙ্গনার প্রেমের গুঞ্জন ভাসছে বলিউডের বাতাসে। সম্প্রতি সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে হৃতিকের সঙ্গে কঙ্গনার অবকাশযাপনের পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর। অবশ্য পেশাগত কাজের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত হৃতিকের সঙ্গে অবকাশযাপন করা হয়নি কঙ্গনার।
মালদ্বীপে হৃতিক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মিলে অবকাশযাপনের পরিকল্পনা করেছিলেন কঙ্গনা। ২৩ মার্চ ছিল কঙ্গনার ২৮ তম জন্মদিন। তিনি সেদিন মালদ্বীপে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী হৃতিকের সঙ্গে জন্মদিন উদ্যাপনেরও পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেশাগত কাজের দায়বদ্ধতার কারণে কঙ্গনার সব পরিকল্পনা ভেস্তে যায়। তাঁর অভিনীত পরবর্তী ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির দলের সদস্যদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করতে হয় তাঁকে।
কঙ্গনার জন্মদিনেই ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির পোস্টার মুক্তি দেওয়া হয়। এ জন্য ব্যক্তিগত অবকাশযাপনের পরিকল্পনা বাতিল করে কাজকেই বেছে নিতে বাধ্য হন কঙ্গনা। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রোমান্টিক কমেডি ঘরানার ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন আর মাধবান, জিমি শেরগিল, ধানুশ প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ৩১ মে।
আরও পড়ুন:
কঙ্গনার সঙ্গে প্রেম?