বাঙালি নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করবেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

প্রথমবারের মতো চলচ্চিত্রে একজন বাঙালির চরিত্রে অভিনয় করবেন বলিউড তারকা সালমান খান। বলিউড-সংক্রান্ত খবর পরিবেশন করে এমন বেশ কিছু সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, ষাটের দশকের এক জনপ্রিয় বাঙালির চরিত্রে অভিনয় করবেন তিনি। এটাই হবে সালমানের প্রথম চলচ্চিত্র, যেখানে একজন বাঙালি চরিত্রে অভিনয় করেছেন এ তারকা। খবরটি সালমান নিজেও নিশ্চিত করেছেন।
জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী এ চলচ্চিত্রে সালমানকে দেখা যাবে সোমেন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, এই বাঙালির হাত ধরেই মার্কিন মুলুকে শুরু হয়েছিল বিখ্যাত নৃত্যশৈলী ‘চিপেনডেল’। ১৯৭৯ সাল থেকে শুরু হওয়া এই ‘চিপেনডেল’ আসলে একটি বিশেষ নৃত্য। যেখানে শুধু পুরুষ শিল্পীরাই অংশ নেন। মূলত নারীরাই এ নৃত্যের দর্শক। লস অ্যাঞ্জেলেসের এক নাইট ক্লাবে শুরু হয় ‘চিপেনডেল’৷ ক্রমে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অন্যান্য জায়গায়তেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই নৃত্য।
এই বাঙালির হাত ধরে নাইট ক্লাবের বিনোদন একটা অন্য মাত্রা লাভ করে। ‘চিপেনডেল’-এর সঙ্গে বিখ্যাত হয়ে যান সোমেন বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু আশির দশকের শেষ দিকে ‘চিপেনডেল’ শিল্পীকে হত্যার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিনা পাসপোর্টে ভারতে আসার পরিকল্পনা করেও তিনি শেষ পর্যন্ত গ্রেপ্তার হন। জেল হয় তাঁর। ১৯৯৪ সালের ২৩ অক্টোবর জেলের মধ্যে থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়৷ অনেকেরই ধারণা, তিনি আত্মঘাতী হয়েছিলেন।
একজন সাধারন থেকে নানা ঘটনা অঘটনের মধ্য দিয়ে বিখ্যাত হয়ে ওঠার কাহিনি নাকি তুলে ধরা হবে সালমান অভিনীত সেই ছবিতে! ‘টিউবলাইট’ ছবির শুটিং শেষ হলেই নাকি ‘চিপেনডেল’-এর জনক সোমেন বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে কাজ শুরু করবেন তিনি।
প্রসঙ্গত, একসময় শুধু রোমান্টিক ইমেজে পরিচিতি পাওয়া সালমান ইদানীং একটু ভিন্ন স্বাদের ছবিতে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। ‘সুলতান’-এ কুস্তিগিরের চরিত্রে অভিনয়ের পর আপাতত কবির খানের সঙ্গে ‘টিউবলাইট’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি৷ ছবিতে সালমান অটিজমে আক্রান্ত এক যুবকের চরিত্রে অভিনয় করছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস।