বাজমির সঙ্গে কাজ করা একটি সৌভাগ্য: অমিতাভ

২০০২ সালের ‘আঁখে’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। শিগগিরই আনিস বাজমির পরিচালনায় শুরু হচ্ছে ‘আঁখে টু’ ছবির কাজ। এখানেও অভিনয় করবেন বলিউড শাহানশাহ। তবে আনিস বাজমির সঙ্গে এটা তাঁর প্রথম কাজ। বাজমির সঙ্গে কাজ করতে পারাটাকে সৌভাগ্য বললেন অমিতাভ বচ্চন।
ছবিটিতে কাজ করতে পারায় বেশ উচ্ছ্বসিত বচ্চন। প্রথমবারের জন্য বাজমির সঙ্গে কাজ করতে পারার সব কৃতিত্ব দিচ্ছেন তাঁর সুপ্রসন্ন ভাগ্যকে।
একটি অনুষ্ঠানে বচ্চন বলেন, ‘আনিস বাজমি ছবিটি পরিচলনা করবেন। আমি তাঁর সম্পর্কে অনেক শুনেছি। এটা আমার সৌভাগ্য যে প্রথমবারের মতো আমি তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি। সুতরাং ছবিটিতে কাজ করার জন্য আমি অধীর হয়ে আছি।’
অমিতাভ ২০০২ সালে থ্রিলার ড্রামা ছবি ‘আঁখে’তে বিজয় সিং রাজপুত চরিত্রে অভিনয় করেন। ‘আঁখে টু’ সম্পর্কে বলেন, প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই দ্বিতীয় পর্ব শুরু হবে। নবীন চমৎকার ও মেধাবী অভিনয়শিল্পীরা কাজ করছেন ছবিটিতে। ছবিটির গল্পও একেবারে নতুন ধারার।
ছবিটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, অর্জুন রামপাল ও ইলিয়েনা ডিক্রুজকে।
মিড ডে