বাতিকগ্রস্ত তারকারা!
তারকারা তো আর ভিনগ্রহের বাসিন্দা নন। দোষে–গুণে তাঁরাও মানুষ। কিছু বদভ্যাস আর বাতিক তাঁদেরও থাকতে পারে। বলিউডের জনপ্রিয় কয়েকজন তারকার এমন অদ্ভুত সব বাতিক আছে, যা শুনে হাসি পাবে।

হৃতিক সঙ্গে রাখেন বাবুর্চি
তারকাদের অনেকেই নিজের সঙ্গে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট রাখেন। সব সময় সঙ্গে থেকে তিনি তারকার সাজগোজ ঠিক করে দেন। আর বলিউড অভিনেতা হৃতিক রোশন কিনা তাঁর সঙ্গে রাখেন বাবুর্চি! কোনো সিনেমার শুটিং থাকুক কিংবা কোনো পারিবারিক ভ্রমণ; হৃতিক তাঁর ব্যক্তিগত বাবুর্চিকে সব জায়গায় সঙ্গে নিয়ে যান। নিজের খাওয়ার রুটিনের হেরফের এই অভিনেতা কিছুতেই হতে দেন না।

অ্যাশের ব্যাগ প্যাকিং হওয়া চাই পারফেক্ট
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কোথাও বেড়াতে যাওয়ার আগে অনেক সময় ধরে গোছগাছ করেন। শুধু তা–ই নয়, স্যুটকেস গোছানোর নিজস্ব একটি কায়দা আছে তাঁর। সেখানে একটু এদিক–ওদিক হলেই অ্যাশের মাথা নাকি গরম হয়ে যায়।

খালি পায়ে এক মূহূর্তও না
‘বলিউড বাদশা’ কেবল ঘুমানোর সময়ই পায়ের জুতা জোড়া খুলে বিছানায় যান। তার আগে সারা দিন একটিবারের জন্যও পা থেকে জুতা খোলেন না শাহরুখ। কেন? কারণ, সব সময় ফিটফাট থাকতে পছন্দ করেন তিনি।

হাত না ধুয়ে কিসের খাওয়া?
যে পরিস্থিতিতেই থাকুক না কেন, খাওয়ার আগে অজয় দেবগনের ভালোমতো হাত ধোয়া চাই-ই চাই। ময়লা হাতে খাবার খাওয়ার চেয়ে অভুক্ত থাকাও এই অভিনেতার কাছে শ্রেয়।

স্নানঘরে গোসল করেন না সুস্মিতা
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন স্নানঘরে গোসল করতে পারেন না। তিনি রোজ গোসল করেন বাড়ির ছাদে। সেখানে বড় একটি বাথটাব বসিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। রাতের বেলায় আকাশভরা তারা আর চাঁদ দেখতে দেখতে গোসল করাটা নাকি এই নায়িকার খুব পছন্দের।
স্টোরিপিক, স্কুপহুপ, দ্য টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে নাদিয়া মাহমুদ