বানর বলার জবাব দিলেন অনুরাগ

ইদানীং বলিউড তারকা ঋষি কাপুর তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য নানা বিতর্কে জড়িয়ে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টের জন্য হামেশাই তাঁকে অনেকের রোষের মুখে পড়তে হয়। এবার এই বলিউড তারকাকে পাল্টা আক্রমণ করলেন চিত্র পরিচালক অনুরাগ বসু।
সম্প্রতি ঋষি কাপুর তাঁর ছেলে রণবীর কাপুর অভিনীত ‘জাগগা জাসুস’ ছবির ফ্লপের দায়ভার পুরোপুরি পরিচালক অনুরাগ বসুর ওপর চাপান। এমনকি এই বাঙালি পরিচালককে নানাভাবে আক্রমণ করেন বলিউডের এই প্রবীণ অভিনেতা। অনুরাগের গায়ে ‘দায়িত্বজ্ঞানহীন পরিচালক’-এর তকমা লাগিয়ে দেন ঋষি। এখানেই শেষ নয়, ঋষি কাপুর এই পরিচালককে ‘বাঁদর’ বলেও সম্বোধন করেন।
তবে এত দিন সব মুখ বুজে সহ্য করেন ‘বরফি’ ছবির পরিচালক অনুরাগ বসু। সনি চ্যানেলে আসন্ন ড্যান্স রিয়েলিটি শোর সাংবাদ সম্মেলনের সময় ‘জাগগা জাসুস’ ছবির পরিচালক এ বিষয়ে মুখ খোলেন। অনুরাগের বিরুদ্ধে ঋষি কাপুরের নানা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটি ছবির ক্ষেত্রে প্রত্যেকের আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। প্রত্যেকেরই সব ছবি পছন্দ হবে, তার কোনো মানে নেই। তাই ফিল্ম কোনো “রাজমা-চাওল” নয় যে সবারই ভালো লাগবে। অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি তারকার আমার পরিচালিত এই ছবি ভীষণ পছন্দ হয়েছে। তিনি “জাগগা জাসুস” দেখার পর ছবিটির প্রশংসা করে টুইট করেন।’
অমিতাভ বচ্চন টুইটারে ‘জাগগা জাসুস’ ছবির দুই তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘ছবিটা ভীষণই নতুন, অন্য ধারার, মজার আর খুব সুন্দরভাবে বানানো হয়েছে।’ বলিউডের এই মেগা তারকার টুইটারের জবাবে অনুরাগ বলেন, ‘অমিতাভ বচ্চন স্যার, আমি খুবই অবাক হচ্ছি যে আপনার মধ্যে এখনো শিশুসত্তা বর্তমান আছে। তা না হলে এই ছবিটা আপনার পছন্দ হতো না।’
‘জাগগা জাসুস’কে ফ্লপ ছবি হিসেবে চিহ্নিত করায় এদিন অনুরাগ বলেন, ‘কে বলল, “জাগগা জাসুস” ফ্লপ ছবি? পয়সা শুধু সিনেমাঘর থেকে আসে না। অনেকেই ছবি হিট না ফ্লপ, তা বক্স অফিসের আয় দেখে করে; যা ভুল। একটা ছবির সফলতা স্যাটেলাইট, ডিজিটাল এবং মিউজিক রাইটসের ওপরও নির্ভর করে।’