বানসালির ছবিতে নেই, জানালেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক পর সালমান খান আর পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানসালি আবার একসঙ্গে ছবি করতে চলেছেন বলে গতকাল রোববারই জোর খবর ছিল। ঠিক তার পরপরই বজরঙ্গি ভাইজান জানান, ‘এটা সম্পূর্ণ গুজব। এ ব্যাপারে তাঁর সঞ্জয়ের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। তবে সঞ্জয়ের মাথায় যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, তার জন্য আমি প্রস্তুত।’

সম্প্রতি বলিউডে খবর ছিল, সঞ্জয় তাঁর পরবর্তী ছবির জন্য সাল্লুর সঙ্গে কথা বলেছেন। চলমান একটি ছবির শুটিংয়ের পর নাকি সালমান চিত্রনাট্য শুনবেন। কিন্তু বলিউড তারকা বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিলেন। সালমান এখন তাঁর ছবি ‘টিউবলাইট’-এর প্রচারে ব্যস্ত। এর পাশাপাশি চলছে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং। এরপর একের পর এক ছবি আছে তাঁর হাতে। রেমো ডিসুজার ‘এবিসিডি থ্রি’, আরবাজ খানের ‘দাবাং থ্রি’, আর বোন আলভিরার ছবিতেও কাজ করার কথা বলিউড সুপারস্টারের। এদিকে সঞ্জয় চূড়ান্ত ব্যস্ত ‘পদ্মাবতী’র শুটিং নিয়ে। এরপর প্রিয়াঙ্কাকে নিয়ে শুরু করবেন ‘গুস্তাখিয়াঁ’ ছবির কাজ।

তবে দীর্ঘ সময় পর সালমান আর সঞ্জয় একত্রে ছবি করার খবরে রীতিমতো উচ্ছ্বসিত ছিল বি টাউন। ‘সাওরিয়া’ চলচ্চিত্রে তাঁদের একসঙ্গে শেষ দেখা গিয়েছিল। এর আগে তাঁদের জুটি বাজিমাত করেছে। সালমান এবং সঞ্জয়ের জুটির ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ এবং ‘হাম দিল দে চুকে সনম’—দুটি ছবিই ছিল সুপারহিট।