বানসালির ছবিতে সালমান?

শেষ ১১ বছর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কোনো ছবি করেননি সালমান খান। এর মধ্যে অনেকের ছবিতে অভিনয় করলেও মনের গোপন ইচ্ছা ছিল আবারও বানসালির ছবিতে কাজ করার। ‘রেস থ্রি’ মুক্তির আগে সালমান খান সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছিলেনও। সেই ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। বলিউডের বাতাসে খবর রটেছে, বানসালি তাঁর আগামী ছবির জন্য সালমানকে চূড়ান্ত করে ফেলেছেন। ছবির নাম রাখা হচ্ছে ‘ইনশা আল্লাহ’।
জানা গেছে, সঞ্জয় লীলা বানসালি সম্প্রতি তাঁর ছবির নাম হিসেবে ‘ইনশা আল্লাহ’ নামটি নথিভুক্ত করেছেন। সালমানই হবেন এই ছবির নায়ক। তবে এই বিষয়ে ছবির নির্মাতা মুখ খোলেননি।
বানসালির সঙ্গে সালমানের সম্পর্কটা অনেক দিনের। জনপ্রিয় পরিচালকের প্রথম ছবি ‘খামোশি’তে অভিনয় করেছিলেন সালমান। এরপর বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ এবং সর্বশেষ ‘সাওরিয়া’ ছবিতে সালমান অভিনয় করেন। এরপর থেকেই দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।
সালমান একবার মজা করে বলেছিলেন, ‘আমি বানসালিকে তাঁর ক্যারিয়ারের দুটি উল্লেখযোগ্য ছবি দিয়েছি। কিন্তু “দেবদাস” ছবির সময় তিনি শাহরুখ খানকে নিলেন!’
সঞ্জয় লীলা বানসালিও কম যান না। একবার তো বলেই ফেললেন যে তিনি চেয়েছিলেন ‘রামলীলা’ ছবিটি সালমান খান ও ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সনম’-এর আগে বানাতে। ছবির গল্পও পুরোপুরি তৈরি ছিল। কিন্তু সালমানকে নিয়ে প্রথম ছবি ‘খামোশি’ বক্স অফিসে সে রকম ব্যবসা করেনি, তাই বানসালির মনে সন্দেহ ছিল ‘রামলীলা’ ছবিটি দর্শক পছন্দ নাও করতে পারে। অন্যদিকে, ‘হাম দিল দে চুকে সনম’ ছবির চরিত্রগুলো অনেক বাস্তব, যা দর্শকের বুঝতে সুবিধা হবে। এখন দেখা যাক, সালমানকে নিয়ে বানসালি তাঁর নতুন ছবি ‘ইনশা আল্লাহ’তে কী চমক দেন। আর ভাইজান কি সত্যি তাঁর ভক্তদের বলবেন ‘ইনশা আল্লাহ’।