বানসালির ছবিতে সালমান খান

বলিউড তারকা সালমান খানের এখন দম ফেলার ফুরসত নেই। জেল থেকে জামিন নিয়ে একের পর এক শুটিং করে চলেছেন। এবার ঈদে মুক্তি পাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘রেস থ্রি’। চলছে ‘ভারত’ ছবির শুটিং। এরপরই আবার নামবেন নতুন ছবির কাজে। প্রতিটি ছবিই বড় বাজেটের। সম্প্রতি সালমান নিশ্চিত করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালির একটি ছবিতেও তিনি অভিনয় করছেন।
এর আগে সঞ্জয় লীলা বানসালির ‘খামোশি’, ‘হাম দিল দে চুকে সনম’ ও ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। জানিয়েছেন, এই নির্মাতার নতুন একটি ছবির ব্যাপারে নাকি আলাপ হয়েছে। তবে সালমান সেই ছবির নাম বলেননি। সাহিত্যিক সাহির লুধিয়ানির জীবনী নিয়ে বানসালি যে ছবি নির্মাণ করছেন, সেখানেই কী অভিনয় করবেন সালমান? এই ছবিতে মূল চরিত্রেই থাকবেন অভিষেক বচ্চন। যিনি কিনা সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনের স্বামী। সালমান আর অভিষেকের মধ্য সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়। কাজেই এই ছবিতে সালমানের কাজ করার সম্ভাবনা কম। হতে পারে বানসালির অন্য কোনো ছবিতে কাজ করতে তিনি সম্মত হয়েছেন। কথাবার্তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সালমান বলেন, ‘আমি কখনো হিসাব-নিকাশ করে কোনো ছবিতে সাইন করি না। যেই ছবির গল্প আমাকে প্রথমই রোমাঞ্চিত করে, যা আমার একবারেই ভালো লাগে, আমি কেবল সেই ছবিতেই কাজ করতে রাজি হই।’
আর ভাইজান যদি কখনো কোনো ছবির স্ক্রিপ্ট পড়ে বলেন, ‘পরে জানাচ্ছি’ অথবা ‘আমাকে সিদ্ধান্ত নিতে কিছু সময় দিন’—তাহলে বুঝতে হবে যে সেই কাজ আর আদৌ করবেন না সালমান। যেমন আসন্ন ‘রেস থ্রি’র গল্প শুনেই তাঁর মনে ধরে যায়। শুধু দু-একটা জায়গা নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো নির্মাতার সঙ্গে আলাপ করে ঠিক করে নিয়েছেন।
‘দাবাং’, ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’-এর মতো সফল ছবি আছে যার ঝুলিতে, তিনি চাইলে নতুন কোনো নির্মাতাকেও ‘হ্যাঁ’ বলতে পারেন, যদি সেই ছবির গল্প তাঁর পছন্দ হয়। ‘ভারত’ ছবির শুটিং শেষ হলে তিনি ‘দাবাং থ্রি’ ও ‘শের খান’ ছবির কাজ করবেন। এরপর রেমো ডি’সুজার একটি ছবি আর বানসালির ছবিতে কাজ করার কথা রয়েছে তাঁর।
‘দাবাং থ্রি’ পরিচালনা করবেন প্রভু দেবা। এই ছবিটি নির্মিত হবে ভারতের একজন সত্যিকার পুলিশ অফিসারের জীবনের বাস্তব ঘটনা নিয়ে। প্রভাবশালী এক রাজনৈতিক নেতাকে শাস্তি দেওয়ার ঘটনা নিয়েই নির্মিত হবে এই ছবি।