বাপ কা বেটা

বাবা ভারতের বিখ্যাত কবি-গীতিকার-লেখক জাভেদ আখতার। তাঁরই তো ছেলে; ফারহান আখতার এর মধ্যেই গায়ক-গীতিকার-লেখক-পরিচালক এমনকি অভিনেতা হিসেবেও সুখ্যাতি পেয়েছেন। বাপ কা বেটা বোধ হয় একেই বলে। সম্প্রতি বাবার মতোই এক টিভি রিয়েলিটি শোর প্রধান আকর্ষণ হতে যাচ্ছেন ফারহান।
ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় টিভি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন জাভেদ আখতার। আর সে দায়িত্ব পালনের সময় পর্দায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। শুধু বিচারক বলেই নয়; জাভেদ আখতার যখন ইন্ডিয়ান আইডলের বিচারক ছিলেন প্রতিটা অনু্ষ্ঠানই যেন প্রাণ পেত তাঁর অননুকরণীয় বিশ্লেষণ ও অনবদ্য মত প্রকাশে। সম্প্রতি ‘আই ক্যান ডু দ্যাট’ নামের একটি মার্কিন টিভি শোয়ের আদলে নির্মিতব্য ভারতীয় এক টিভি শোয়ের মূল আকর্ষণ হিসেবে দায়িত্ব পালন যাচ্ছেন তাঁরই সুযোগ্য সন্তান ফারহান আখতার। যদিও, ফারহান এর আগেও ছোটপর্দার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবারেরটি একটু ব্যতিক্রম। তারকাদের বেলায় টিভি শোতে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে সচরাচর যেমন ‘হয় সঞ্চালক নয় বিচারক’ এমন একটি বিষয় থাকে কিন্তু এই টিভি শোতে ফারহান বহুমাত্রিক এক ভূমিকাই পালন করতে যাচ্ছেন। এই শোয়ের প্রধান আর্কষণও তিনিই। অনুষ্ঠানে ৪১ বছর বয়সী ফারহান প্রতিযোগীদের কাছে শুধু একজন সঞ্চালকই নন; বন্ধু ও উৎসাহদাতা হিসেবেও ভূমিকা পালন করবেন।
পরিচালক হিসেবে ফারহান আখতারের প্রথম ছবি ছিল ‘দিল চাহতা হ্যায়’। এ ছবি পরিচালনার মাধ্যমেই পরিচালক হিসেবে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই তাঁর মেধা নজর কাড়ে সবার। এ ছবি একটি জাতীয় পুরস্কারও পায়। ফারহান এরপর ২০০৪ সালে নির্মাণ করেন ‘লক্ষ্য’, ২০০৬ সালে বাণিজ্যিক সাফল্য পাওয়া ছবি ‘ডন’। অভিনেতা হিসেবে ২০০৮ সালে রক অন দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল। এ ছবির জন্য ফারহান পেয়েছিলেন ভারতের সেরা হিন্দি ফিচার ফিল্ম এর প্রযোজনার পুরস্কার। ভাগ মিলখা ভাগ ছবিতে ফারহানের অনবদ্য অভিনয়, কিংবা সংলাপ লেখক-গীতিকার-অভিনেতা হিসেবে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ফারহানের উপস্থিতি যেন ছিল সর্বময়। জাভেদ আখতার গর্ব করতেই পারেন এমন বাপ কা বেটার জন্য।
প্রসঙ্গ, জিন্দেগি না মিলেগি দোবারা ছবির জন্য ফারহান আখতার পেয়েছিলেন দুটি ফিল্মফেয়ার পুরস্কার। আর ‘ভাগ মিলখা ভাগ’-এর মিলখা সিং হয়ে জিতেছিলেন সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার।