বাপ-বেটায় বিশাল ফারাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুর
অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুর

অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে তাঁর বাবার কোনো মিল নেই। বাপ-বেটার স্বভাবও একেবারে উল্টো। হর্ষবর্ধনের ‘মির্জা’ ছবির ট্রেলার দেখে সবাই নাকি তেমনটাই বলেছেন। হর্ষবর্ধনও বলেছেন, ‘জানি, আমি আসলেই বাবার থেকে একেবারে আলাদা।’
অনিল কাপুর কথাবার্তায় বেশ চটপটে ও আমোদী স্বভাবের। মজার মজার কথা বলে মুহূর্তেই মহল জমিয়ে ফেলতে পারেন এই অভিনেতা। অন্যদিকে তাঁর ২৫ বছর বয়সী ছেলে হর্ষবর্ধন নিজেকে ‘বোরিং’ প্রকৃতির মনে করেন। স্বভাবে বেশ অন্তর্মুখী এই নবাগত বলিউড অভিনেতা। তিনি বলেছেন, ‘আমি শুটিংয়ে যাই, কাজ করি। কাজ শেষ হলে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ি। পার্টি করার মতো সামাজিক ছেলে আমি নই। আমি ছবি দেখতে ভালোবাসি। ভালো লাগে মানুষের সঙ্গে আলাপ করতে। কিন্তু বিশাল জনতাকে বিনোদিত করার ক্ষমতা আমার আছে বলে মনে করি না।’
অক্টোবরের ৭ তারিখে মুক্তি পাচ্ছে হর্ষবর্ধন কাপুরের প্রথম ছবি ‘মির্জা’। প্রাচীন লোকগাঁথা মির্জা-সাহিবার কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ছবিটিতে হর্ষবর্ধনের নায়িকা হয়েছেন শেমী খের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।